রাজ্য

সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক চিঠিতেই হল কাজ, বহু বছরের অপেক্ষার অবসান

পূর্ব মেদিনীপুরের নীলকুণ্ঠায় দীর্ঘদিনের অপেক্ষার অবসান। আন্দোলন, দাবি, এবং প্রত্যাশার মধ্য দিয়ে শেষমেশ আলোর মুখ দেখছে নতুন হল্ট স্টেশন প্রকল্প। তমলুকের রাজগোদা ও পাঁশকুড়া স্টেশনের মাঝে এই স্টেশন গড়ার দাবি বহু বছর ধরে করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে এই প্রকল্পের অনুমোদন মিললেও বাজেট সংক্রান্ত জটিলতায় কাজ থেমে ছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে রেল কর্তৃপক্ষ স্টেশনের জন্য জায়গা নির্ধারণ করে। কিন্তু প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ না থাকায় স্থানীয় বাসিন্দারা হতাশ হয়েছিলেন।

তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে বিষয়টি জানানো হলে, তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। গত আগস্ট মাসে রেল দফতরে চিঠি লেখেন সাংসদ, যার ফলশ্রুতিতে দক্ষিণ-পূর্ব রেল বোর্ড ৬ কোটি ৫ লক্ষ টাকার আর্থিক অনুমোদন দেয়।

সোমবার নীলকুণ্ঠায় রেললাইন পরিদর্শন করেন সাংসদ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “স্টেশন তৈরির অর্থ বরাদ্দ হওয়া বড় প্রাপ্তি। আশা করছি আগামী বছরের এপ্রিলের মধ্যেই কাজ শুরু হবে।”

এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই আনন্দের জোয়ার। নীলকুণ্ঠা ও আশপাশের এলাকার মানুষজন স্টেশন তৈরির মাধ্যমে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান আশা করছেন। এই প্রকল্প শুধুমাত্র রেল যোগাযোগ নয়, এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও মাইলফলক হবে বলে মনে করছেন স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.