সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ থেকে ডেভিড ওয়ার্নারের (David Warner) নেতৃত্বের অভিজ্ঞতা দল সবই পাচ্ছে। কিন্তু তবুও চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (DC) জয় অধরাই থেকে গিয়েছে। শনিবার রাজস্থান রয়্যালসের কাছে তাদের ৫৭ রানে হারতে হয়েছে। আর পর পর তিনটি হারের পরই অজি তারকাকে একহাত নিলেন দলের প্রাক্তন অধিনায়ক বীরেন্দ্র শেহওয়াগ। অজি তারকাকে নিয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন তিনি।
ঠিক কী লিখেছেন বীরু (Virender Sehwag)? এক খেলার ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমার মনে হয় এবার ইংরাজিতে পরিষ্কার করে বলা উচিত ওয়ার্নারকে, যাতে ও বিষয়টা বুঝতে পারে। ডেভিড, যদি তুমি শুনতে পাও… দয়া করে ভাল করে খেলো। ২৫ বলে ৫০ করো। জসওয়ালকে দেখো, ও ২৫ বলেই করেছে। তুমি যদি তা না করতে পারো আইপিএলে খেলো না”।
শুধু তাই নয়, শেহওয়াগের দাবি, ওয়ার্নার আরও আগে আউট হলেই ভাল হত। সেক্ষেত্রে রোভমান পাওয়ালে ও ঈশান পোড়েলের মতো তরুণরা বেশিক্ষণ খেলার সুযোগ পেত। তাহলে দিল্লির সম্ভাবনাও বাড়ত।
প্রসঙ্গত, শনিবার গোহাটির বিরষাপাড়া স্টেডিয়ামে টসে জিতে ওয়ার্নার প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। আর ব্যাট হাতে নেমেই মারকাটারি মেজাজে দুরন্ত পার্টনারশিপ গড়েন যশস্বী জসওয়াল এবং জস বাটলার। মাত্র ৯ ওভারেই একশো পেরোয় রাজস্থান। সব মিলিয়ে ১৯৯ রান তুলে দিল্লিকে তারা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। জবাবে প্রথম ওভারেই শূন্য রানে ওয়ার্নারদের দুই উইকেট পড়ে যায়। সেই ধাক্কা তারা আর সামলাতে পারেনি।
দলের সর্বোচ্চ স্কোরার ওয়ার্নার হলেও আস্কিং রেটের সঙ্গে তাল মিলিয়ে তিনি চলতে পারেননি। ৫৫ বলে ৭টি বাউন্ডারি সহযোগে তাঁর ৬৫ রানের ইনিংসটি যে রাজস্থানের বিশাল স্কোরকে পেরনোর পক্ষে যথেষ্ট ছিল না তাতে বিশেষজ্ঞদের একাংশ সহমত। এমনকি বীরুর সঙ্গে সহমত পোষণ করেছেন রোহন গাওস্করও। এখন দেখার এই খোঁচার জবাবে ওয়ার্নার কিছু বলেন কিনা।







