বিধ্বংসী অগ্নিকাণ্ড! টলিপাড়ার এক প্রোডাকশন হাউসের গুদামে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রথমে আসে চারটি ইঞ্জিন, পরে ১৫টা। টালিগঞ্জে একটা প্রথম সারির প্রোডাকশন হাউস যেখানে এসকে মুভিজের জিনিস থাকত, অগ্নিকাণ্ডের জেরে সেখানকার শেড এবং একদিকে দেওয়াল ভেঙে পড়েছে। ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী অরূপ বিশ্বাসও, এমনটাই সূত্রের খবর।
দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে নিশ্চিত করে এখনই বলা শক্ত। আগুন লাগার সময় গুদামে কেউ ছিলেন না। কিন্তু প্রযোজনা সংস্থার অনেক সরঞ্জাম সেখানে রাখা ছিল। সমস্তকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বাহিনী আগুন লাগার প্রায় আধঘণ্টা পরে ঘটনাস্থলে এসেছে বলে অভিযোগ ওঠে, তবে তা প্রসঙ্গে কোনও কথা বলেননি কর্তৃপক্ষ।
দমকলমন্ত্রী সুজিত বসুর কথায়, ‘প্রথমে চারটি গাড়ি আসে। পরে ১৫টা আসে। এখন আগুনটা নিয়ন্ত্রণে। স্টুডিওতে প্রচুর দাহ্য পদার্থ ছিল। দ্রুততার সঙ্গে দমকল সবটা করেছে। এখনও কিছু পকেট ফায়ার আছে। সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’







