দিনের পর দিন শহরের রাস্তায় যানবাহন বেড়েই চলেছে। যার ফলে অফিস টাইমে সকলকেই প্রবল যানজটের শিকার হতে হয়। এবার তার থেকে সাধারণ মানুষকে একটা স্বস্তি দিতে গঙ্গার তলা দিয়ে তৈরি করা হচ্ছে টানেল। সেই টানেলের ব্লু প্রিন্ট প্রকাশ করল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ।
অফিস টাইমে যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী গাড়ি দিয়ে একসঙ্গে যাওয়ার জন্য রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তাই জন্য পণ্যবাহী গাড়ির চাপ অন্যান্য রাস্তা থেকে কমাতে এবার কেন্দ্রীয় বন্দর মন্ত্রকের উদ্যোগে গঙ্গার নিচে টানেল করার কাজ শুরু করা হলো। সেই টানেলের পরিকল্পনা আগেই ছিল কেন্দ্রের। হুগলি নদীর তলদেশে টানেলের মাধ্যমে কলকাতার বন্দর ডকইয়ার্ডকে হাওড়ার জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত করার জন্য এই টানেল করে তোলা হচ্ছে।
এই প্রকল্পটি পিএম গণশক্তির আওতায় হবে। তার জন্য খসড়া সারিবদ্ধকরণ রিপোর্ট ইতিমধ্যেই জমা করা হয়েছে। এই টানেলটি তৈরি হবে কলকাতা বন্দর থেকে হাওড়ার জাতীয় সড়ক পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তায়। যার মধ্যে ৮ কিলোমিটার থাকবে সুরঙ্গ পথ। এই প্রকল্পকে বাস্তবায়িত করতে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। যা প্রধানত পণ্য পরিবহন যেমন ট্রাক, লরি চলাচলের জন্য ব্যবহার করা হবে। কলকাতার মেটিয়াবুরুজ থেকে হাওড়ার সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।







