এ বারের আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনিকে ক্রমাগত নীচের দিকে ব্যাট করতে দেখা যাচ্ছে। সাত, আটের পর এবার ন’নম্বরে নেমেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। কেন এমন সিদ্ধান্ত? চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং জানালেন, ধোনির হাঁটুর কথা মাথায় রেখেই এই পরিবর্তন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর সাংবাদিক সম্মেলনে ফ্লেমিং বলেন, ‘‘ধোনি নিজের শরীর সম্পর্কে সচেতন। ও জানে, এখন আগের মতো ১০ ওভার ব্যাট করা সম্ভব নয়। রান নেওয়ার জন্য দৌড়তে হয়, তার উপর পুরো ম্যাচ উইকেটের পিছনে থাকতে হয়। সব দিক বিবেচনা করেই ও নীচের দিকে নামছে।’’
ফ্লেমিং আরও জানান, ধোনির ব্যাটিং অর্ডার পরিস্থিতির উপর নির্ভর করছে। দল ভালো জায়গায় থাকলে তিনি পরে নামছেন, কঠিন পরিস্থিতিতে কিছুটা আগে। তবে কখনওই ১৩-১৪ ওভারের আগে ধোনিকে দেখা যাবে না।
এ বারের আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে একেবারে শেষে নেমে দু’বল খেলেছিলেন ধোনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৬ বলে ৩০ রান করেন ন’নম্বরে নেমে। রাজস্থানের বিরুদ্ধে সাত নম্বরে নেমে ১১ বলে ১৬ রান করেন, যদিও ম্যাচ শেষ করতে পারেননি। হাঁটুর কথা মাথায় রেখেই ধোনি নিজের ব্যাটিং সময় নিয়ন্ত্রণ করছেন, যা দলের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ফ্লেমিং।







