খেলাধুলা

২৭ কোটির পন্থ নিঃসঙ্গ! রানের খড়ায় চাপ বাড়ছে অধিনায়কত্বে

ভারতীয় ক্রিকেটের একসময়ের ‘ওয়ান্ডার বয়’ ঋষভ পন্থ কি নিজের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে দল এবং কুড়ি বিশের বিশ্বকাপ স্বপ্ন দুটিই হারাতে বসেছেন? রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের হতশ্রী হার ও পন্থের অনভিপ্রেত আউট হওয়ার ছবি নতুন করে সেই প্রশ্ন তুলে দিল। ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হওয়া একজন অধিনায়কের কাছে ভীষণ হতাশাজনক সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দলের কঠিন পরিস্থিতিতে পন্থের অনভিপ্রেত শট নির্বাচনে হতাশ পুরো ডাগ আউটও। ফিরে এসে সঙ্গী পেলেন না কারও সমবেদনা, বরং চোখে পড়ল নিঃসঙ্গতা। ২৭ কোটি টাকার দায়িত্ব কাঁধে নিয়েও এইভাবে দল ডুবিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন উঠছে বারবার। আইপিএলের চলতি মরশুমে দশ ইনিংসে তাঁর রান মাত্র ১১২, যেখানে আউট হওয়ার ধরন দেখিয়ে দিচ্ছে বারবার সেই একই ভুলের পুনরাবৃত্তি।

গৌতম গম্ভীরের মতো কড়া মানসিকতার কোচের অধীনে খেলতে হলে শুধু প্রতিভা নয়, চাই অদম্য সংযম ও দায়িত্ববোধ। পন্থ এখনও তা অর্জন করতে পারেননি বলেই মনে হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি বা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরতে হলে শুধু নামের ভরসায় আর হবে না। মাঠে চরিত্রের প্রমাণ দিতে হবে।

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স আবারও দেখাল কেন তারা টুর্নামেন্টের শক্তিশালী দল। রিকেলটন এবং সূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিংয়ে বিশাল রানের পাহাড় গড়ে ফেলেন তারা। বল হাতে বুমরাহর চার উইকেট লখনউকে গুঁড়িয়ে দেয়। আর ঋষভ পন্থ? নিজের বিছানো কাঁটা মাড়িয়ে ক্রমশই যেন আড়ালে চলে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.