৭ মে, গভীর রাতে ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ কোডনামে একটি কৌশলগত সামরিক অভিযান চালায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাউথ ব্লক থেকে জানানো হয়েছে, এই অভিযান ছিল সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক, যার মূল উদ্দেশ্য ছিল সীমান্তপারের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে ধ্বংস করা।
এই অপারেশনের পেছনে মূল প্রেক্ষাপট ২২ এপ্রিলের নির্মম পহেলগাম হামলা। সেদিন জম্মু-কাশ্মীরের পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটক জঙ্গিদের গুলিতে নিহত হন। ওই জঙ্গিদের মধ্যে অন্তত দু’জন পাকিস্তানি নাগরিক ছিল বলে তদন্তে উঠে এসেছে। এই ঘটনার পর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি সীমান্তবর্তী এলাকায় তৎপরতা বাড়ায় এবং সম্ভাব্য জঙ্গি ঘাঁটিগুলি চিহ্নিত করে।
সরকারি সূত্র অনুযায়ী, এই অভিযানে মোট ৯টি সন্ত্রাসবাদী অবস্থানকে নিশানা করা হয়েছে। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীর থেকে দীর্ঘদিন ধরেই ভারতের মাটিতে সন্ত্রাস চালানোর পরিকল্পনা ও বাস্তবায়ন চলছিল। সেই পরিকল্পনারই গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে আঘাত হেনেছে ভারত।
সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলা অত্যন্ত মেপে এবং সংযম বজায় রেখে পরিচালিত হয়েছে। পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটি এতে লক্ষ্যবস্তু করা হয়নি। ভারতের এই কৌশলগত পদক্ষেপ স্পষ্টতই দেখায় যে, সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হলেও তা একান্তভাবেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, কোনও রাষ্ট্রের বিরুদ্ধে নয়।
‘অপারেশন সিঁদুর’ ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও কৌশলগত বিচক্ষণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। এতে একদিকে যেমন সন্ত্রাসবাদীদের শক্ত ঘাঁটিতে বড়সড় আঘাত হেনেছে, তেমনই আন্তর্জাতিক পরিসরেও ভারতের অবস্থানকে দৃঢ় করেছে।







