জম্মু ও কাশ্মীর সীমান্তে শনিবার সকাল থেকে যেন আগুনের হলকা। বিনা প্ররোচনায় পাকিস্তানের ‘হেভি শেলিং’-এ প্রাণ হারিয়েছেন রাজৌরির এক সরকারি আধিকারিক সহ তিনজন নিরীহ মানুষ। এই পরিস্থিতিতে ভারতও চুপ করে বসে থাকেনি। বিদেশ মন্ত্রক ও সেনার যৌথ সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা।
বৈঠকে বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, পঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতেও হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। রাত প্রায় দুটো নাগাদ মিসাইল ছোড়া হয়। তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটিতেও পালটা আকাশপথে হামলা চালিয়েছে ভারত। কর্নেল সোফিয়া কুরেশি জানান, রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাক সেনাঘাঁটিগুলিতে আঘাত হানা হয়েছে। এছাড়াও, সুক্কুর, চুনিয়া, পসরুর এবং সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
তবে পাকিস্তানের তরফে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয় সাইবার হামলা বা আফগানিস্তানে ভারতীয় মিসাইল পড়ার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিদেশসচিব। তিনি বরং মনে করিয়ে দিয়েছেন, কোন দেশ বার বার আফগানিস্তানে হামলা চালিয়ে সেখানকার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।
নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান সেনা মোতায়েন বৃদ্ধি করছে বলেও জানানো হয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান তাদের সৈন্যদের সামনের দিকে এগিয়ে আনছে, যা তাদের আগ্রাসী মনোভাবের পরিচয় দেয়।
বিদেশ মন্ত্রক এবং সেনার স্পষ্ট বার্তা, ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের এই বাড়াবাড়ি বরদাস্ত করা হবে না। ভারতীয় সেনা তাদের মাতৃভূমির সুরক্ষায় সদা প্রস্তুত। আদমপুর, উধমপুর, ভাতিন্ডার মতো কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হলেও, শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে। শ্রীনগর, অবন্তিপুর, উধমপুরের মতো স্পর্শকাতর স্থানে চিকিৎসাকেন্দ্র ও স্কুলগুলিকেও নিশানা করার মতো ঘৃণ্য কাজ করেছে পাক সেনা। এই পরিস্থিতিতে ভারত দৃঢ়ভাবে তাদের নাগরিকদের পাশে দাঁড়িয়েছে এবং পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়ার জন্য বদ্ধপরিকর।







