সুচ ফোটানোর ভয় আর রোজকার যন্ত্রণা থেকে এবার মুক্তি পেতে চলেছেন দেশের কোটি কোটি ডায়াবিটিস রোগী। ইনসুলিন নেওয়ার জন্য আর সিরিঞ্জ বা পেনের ওপর নির্ভর করতে হবে না, কারণ ভারতের বাজারে চলে এল ‘ওরাল ইনসুলিন’। মুম্বইয়ের বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলা এই যুগান্তকারী পদক্ষেপটি নিয়েছে। এখন থেকে ইনসুলিন ইঞ্জেকশন নেওয়ার বদলে স্রেফ মুখ দিয়ে শ্বাস টানার মতো করেই শরীরে ইনসুলিন প্রবেশ করানো যাবে।
আসলে টাইপ-১ বা টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্তদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইনসুলিন অপরিহার্য। শরীরের অগ্ন্যাশয় যখন পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, তখন বাইরে থেকে তা নিতে হয়। এতকাল পর্যন্ত এই ইনসুলিন নেওয়ার একমাত্র উপায় ছিল পেট বা ঊরুর চামড়ার নিচে সুচ ফোটানো। কিন্তু অনেকেই এই সুচ ফোটানোর ভয়ে ইনসুলিন নিতে অনীহা দেখাতেন। নতুন এই পদ্ধতিতে সেই ভয় যেমন কাটবে, তেমনই ইনসুলিন সংরক্ষণের ঝক্কিও অনেক কমবে। এই ওরাল ইনসুলিন প্রযুক্তিটি প্রথম তৈরি করেছিল আমেরিকার ম্যানকাইন্ড কর্পোরেশন। ২০১৫ সালে সে দেশের স্বাস্থ্য নিয়ামক সংস্থা ‘এফডিএ’ তাদের এই ‘আফ্রেজ়া’ নামক ওষুধটিকে ছাড়পত্র দেয়। দীর্ঘদিন ধরে ভারতেও এর কার্যকারিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল। ভারতীয়দের শরীরের গঠন ও রোগ প্রতিরোধের ক্ষমতার কথা মাথায় রেখে ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর পর অবশেষে দেশের ড্রাগ কন্ট্রোল বোর্ড এর সবুজ সংকেত দিয়েছে। সিপলা এখন দেশজুড়ে এই ইনসুলিন উৎপাদন ও সরবরাহের দায়িত্ব নিয়েছে।
চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় ইনহেলড ইনসুলিন। এটি ব্যবহারের ১২ মিনিটের মধ্যেই কাজ শুরু করে দেয়। আমাদের লালা বা শ্বাসনালীর মাধ্যমে এটি দ্রুত রক্তে মিশে যায় এবং কয়েক ঘণ্টার মধ্যে শর্করার মাত্রা স্বাভাবিক করে ফেলে। ফলে খাবার খাওয়ার আগে বা পরে যখনই ইনসুলিনের প্রয়োজন হবে, তখন স্রেফ স্প্রে করার মতো করেই তা নেওয়া সম্ভব হবে। ডায়াবিটিস রোগীদের জীবনযাত্রাকে অনেক বেশি সহজ ও আরামদায়ক করে তুলবে এই নতুন আবিষ্কার।







