কলকাতার বুকেই ফের প্রকাশ্যে এল নারীপাচারের ঘটনা। বড়তলা থানা এলাকায় টানা নজরদারির পর হানা দিয়ে পুলিশের বিশেষ দল ধরাশায়ী করল এক সক্রিয় চক্রকে। এই অভিযানে ধরা পড়েছে ৬ দালাল, উদ্ধার হয়েছে ১০ জন কিশোরী ও তরুণী। অবাক করার মতো বিষয়, উদ্ধার হওয়া ১০ জনের মধ্যে ৯ জনই নাবালিকা।
পুলিশ সূত্রে খবর, বড়তলা ও আশপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরেই এই অন্ধকার ব্যবসা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে কয়েকদিন ধরে ফাঁদ পেতে রেখেছিল পুলিশ। অবশেষে সঠিক মুহূর্তে ঝটিকা অভিযান চালিয়ে ধরা হয় পাচারকারীদের।
শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ নয় এই দোসরদের দৌরাত্ম্য। প্রলোভনের ফাঁদে ফেলে মেয়েদের পাঠানো হত উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, মুম্বইয়ের মতো শহরে। আবার সীমান্তবর্তী রাজ্যের মাধ্যমে বাংলাদেশ কিংবা মধ্যপ্রাচ্যেও পাচারের চেষ্টা চলত বলে জানা গেছে।
নারী ও নাবালিকা পাচারের ঘটনায় বড়তলা, গার্ডেনরিচ, তপসিয়া, মেটিয়াবুরুজ বহুদিন ধরেই কুখ্যাত। এই নতুন ঘটনার পর ফের চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।







