বালি পাচারের তদন্তে এবার নতুন মোড়। ই-চালান ঘেঁটে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ই-চালানের কিউআর কোডই ছিল এই কেলেঙ্কারির মূল হাতিয়ার—সামনে এক নাম, কিন্তু স্ক্যান করতেই বেরোচ্ছে অন্য সংস্থার পরিচয়!
তদন্তকারীদের দাবি, এভাবেই কিউআর কোড জাল করে বছরের পর বছর ধরে বালির ট্রাক চালানো হতো, অথচ সরকারের রাজস্ব যেত হাতছাড়া। ঝাড়গ্রামের বালি ব্যবসায়ী সৌরভ কুমার রায়ের একটি চালানেই মিলল প্রমাণ—হার্ড কপিতে তাঁর নাম থাকলেও, স্ক্যান করলে দেখা গেল ভিনীত ইনফোটেক প্রাইভেট লিমিটেড নামে অন্য প্রতিষ্ঠানের নাম। চালান নম্বর কিন্তু ছিল একই।
ইতিমধ্যেই ইডি সৌরভ রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে নগদ ৬৪ লক্ষ টাকা ও একগুচ্ছ গুরুত্বপূর্ণ নথি। পাশাপাশি তাঁর কোম্পানির একটি বালি বোঝাই ট্রাক আটক করে সেখান থেকেই উদ্ধার হয় জাল কিউআর কোড লাগানো ই-চালান।
এখন তদন্তকারীরা খুঁজছেন, এই বিশাল ফাঁকির নেপথ্যে কে সেই আসল মাস্টারমাইন্ড?







