১৩ মে মুক্তি পেয়েছে আমির খানের ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল ‘সিতারে জামিন পার’ ছবির ট্রেলার। ট্রেলারটি ইতিমধ্যেই আমির ভক্তদের প্রিয় হয়ে উঠেছে এবং তারা ২০ জুনের অপেক্ষায় রয়েছেন কারণ ট্রেলারে ছবি মুক্তির তারিখ হিসেবে ২০ জুনকেই বাছা হয়েছে। কিন্তু মুক্তির আগেই ‘সিতারে জামিন পার’ বিতর্কের মুখে পড়েছে। মাইক্রোব্লগিং সাইট এক্স (X)-এ অনেক ব্যবহারকারী ছবিটিকে ট্রোল করতে শুরু করেছেন এবং অন্যদেরও সিনেমাটি না দেখার অনুরোধ জানাচ্ছেন। অনেকেই বলছেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে, বিশেষ করে ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে, যেখানে বহু বলিউড তারকা প্রকাশ্যে ভারতের পক্ষে মুখ খুলেছেন, সেখানে আমির খান চুপ থেকেছেন। এ নিয়েই অনুরাগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একজন নেটিজেন লিখেছেন,”দেশ সুপ্রিম, তবু এই বলিউডে তারকাদের বয়কট। কারণ তাঁদের দেশের জন্য সময় নেই।” কেউ আবার তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আমির খানের পুরনো একটি ছবি শেয়ার করে লেখেন,”আপনি কি ভুলে গেছেন?” উল্লেখ্য, অতীতেও ‘লাল সিং চাড্ডা’ ছবির সময় একইভাবে বয়কটের মুখে পড়েছিলেন আমির খান। একজন ব্যবহারকারী লিখেছেন,”আমরা তুরস্ককে বয়কট করছি, আজারবাইজানকে বয়কট করছি, এখন সময় এসেছে ‘সিতারে জামিন পার’-কেও বয়কট করার। বলিউড তারকাদের কাছে দেশের কোনও মূল্য নেই, পাকিস্তানের অনুভূতি যাতে আহত না হয় সেটাই যেন বেশি গুরুত্বপূর্ণ।”
তবে এর মধ্যেও ছবিটির প্রতি ভক্তদের আগ্রহ কমেনি। ‘তারে জামিন পার’ ছবির জনপ্রিয়তার কারণে বহু দর্শক এর সিক্যুয়ালের জন্য অপেক্ষা করছিলেন। ট্রেলার মুক্তির পর তা দ্রুত ভাইরাল হয় এবং ভক্তরা আমিরের অভিনয়ের প্রশংসা করেন। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘সিতারে জামিন পার’ আমির খানের ক্যারিয়ারে পুনর্জাগরণের সম্ভাবনা তৈরি করতে পারত। তবে সাম্প্রতিক এই বিতর্ক ছবিটির বক্স অফিস পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।







