আইপিএল ২০২৫ মরসুমে যাঁদের পারফরম্যান্স এবং ব্যক্তিত্ব নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন লখনউ সুপার জায়ান্টসের তরুণ স্পিনার দিগ্বেশ রাঠী। মাঠে তাঁর ‘নোটবুক সেলিব্রেশন’ যেমন দর্শকদের মন জয় করেছে, তেমনই আইপিএলের আচরণবিধি ভেঙে একাধিকবার জরিমানাও গুনতে হয়েছে তাঁকে। দারুণ শুরুর পরও, বারবারের শৃঙ্খলাভঙ্গের জন্য শেষ পর্যন্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন দিগ্বেশ।
দিল্লির রঞ্জি দলের এই ক্রিকেটারকে এবারের নিলামে ৩০ লক্ষ টাকায় কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। প্রথম আইপিএল মরসুমেই নজর কাড়েন তিনি, তবে নজর কাড়ার সেই উল্লাসই কাল হল তাঁর জন্য। প্রথমে পঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্যকে আউট করে ‘নোটবুক সেলিব্রেশন’ করেন, যে কারণে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা হিসেবে দিতে হয় ১ লক্ষ ৮৭ হাজার টাকা। পরে মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীরকে আউট করেও একই ভঙ্গিতে উল্লাস করেন দিগ্বেশ, যা রেফারি জাভাগল শ্রীনাথের চোখ এড়ায়নি। এবার তাঁকে ম্যাচ ফির ৫০ শতাংশ, অর্থাৎ ৩ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা দিতে হয়।
তবে এখানেই শেষ নয়। শেষ দিকে হায়দরাবাদের অভিষেক শর্মাকে আউট করে তাঁকে হাত নাড়িয়ে মাঠ ছাড়ার ইঙ্গিত দেন দিগ্বেশ। অভিষেক বিষয়টি ভালভাবে নেননি, মাঠেই উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তার জেরে এক ম্যাচ নির্বাসন ও আরও একটি বড় অঙ্কের জরিমানা করা হয় তাঁকে। সব মিলিয়ে তিন বার শাস্তি পেয়ে মোট ৯ লক্ষ ৩৭ হাজার টাকা জরিমানা দিতে হয় তাঁকে।
ফলে ৩০ লক্ষ টাকার আইপিএল চুক্তি থেকে তাঁর হাতে এসেছে মাত্র ২০ লক্ষ ৬৩ হাজার টাকা। মাঠে আগ্রাসী উল্লাসের খেসারত যে কতটা বড় হতে পারে, দিগ্বেশের ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সতীর্থদের কাছে এ যেন এক বড় শিক্ষা—উল্লাস হোক নিয়ন্ত্রিত, না হলে আর্থিক ক্ষতির পথ খুলেই রয়েছে!







