কলকাতারাজ্য

রেড রোডে ইদের নামাজে অনিশ্চয়তা কাটল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে

রেড রোডে এবারের ইদের নামাজ ঘিরে তৈরি হওয়া সংশয় অবশেষে কেটে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে। খিলাফত কমিটির সভাপতি ও রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান সংবাদমাধ্যমকে জানান, একটি টেকনিক্যাল সমস্যার জেরে সেনাবাহিনীর তরফে নামাজের জমায়েতে অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি জানার পরই রাজ্য সরকার ও খিলাফত কমিটি সেনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি সমাধানে এগিয়ে আসেন।

তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী খুব গুরুত্ব সহকারে বিষয়টি দেখেছেন। তাঁর হস্তক্ষেপেই সব জট কাটিয়ে আগের মতোই নির্ধারিত দিনে সকাল সাড়ে আটটায় রেড রোডে ইদের নামাজ অনুষ্ঠিত হবে।”

উল্লেখ্য, কলকাতার ইন্দিরা গান্ধি সরণি তথা রেড রোডে বহু বছর ধরেই রাজ্যের সবচেয়ে বড় ইদের নামাজের আয়োজন হয়। কিন্তু এবারে সেনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জমায়েতের অনুমতি বাতিল করা হয় এবং একটি চিঠির মাধ্যমে আয়োজক সংস্থা খিলাফত কমিটিকে তা জানানো হয়।

পরিস্থিতির জটিলতা কাটাতে ৮ নম্বর জাকারিয়া স্ট্রিটে খিলাফত কমিটির কার্যালয়ে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাভেদ আহমেদ খান, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, মুহাম্মদ খলিল, ইরফান আলি তাজ, ইসহাক মল্লিক, মোমতাজ খান প্রমুখ। সেখান থেকেই রাজ্য সরকার ও সেনার সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানের চেষ্টা শুরু হয়।

অবশেষে মুখ্যমন্ত্রীর তৎপরতায় সেই প্রয়াস সফল হয় এবং আগের সূচি অনুযায়ী রেড রোডেই ইদের নামাজের আয়োজনের ছাড়পত্র মেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.