ভারতীয় ফুটবলের পরিকাঠামো ও খেলোয়াড়দের উন্নয়নে এবার উল্লেখযোগ্য পদক্ষেপ নিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর হচ্ছে এক জুন থেকে, যার মূল লক্ষ্য মহিলা ও যুব ফুটবলারদের সুরক্ষা, স্বাস্থ্য এবং স্বচ্ছতায় জোর দেওয়া।
এই প্রথম বার ঋতুস্রাবের সময় মহিলা ফুটবলারদের জন্য বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়েছে। ওই সময়ে তাঁদের অনুশীলন ও ম্যাচ খেলার বাধ্যবাধকতা থাকবে না। ফুটবল সংস্থা জানিয়েছে, এই সিদ্ধান্ত মহিলা খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হবে। শুধু তাই নয়, সন্তান ধারণ অথবা সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রেও মিলবে নির্দিষ্ট ছুটি ও আর্থিক ভাতা। এই সুযোগ পাবেন মহিলা কোচরাও।
যুব ফুটবলারের দলবদল সংক্রান্ত নিয়মেও আনা হয়েছে স্বচ্ছতা। কোনও ক্লাব যুব খেলোয়াড়কে লোনে নিতে চাইলে তাকে নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে। যদি কোনও নিয়ম ভঙ্গ হয়, তাহলে সেই ক্লাবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফুটবল সংস্থা আরও জানিয়েছে, অ্যাকাডেমিতে নাবালক ফুটবলারদের নথিভুক্ত করার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হবে।
এই সব পরিবর্তনের লক্ষ্য একটাই — ভবিষ্যতের ফুটবলারদের উপযুক্ত সুযোগ, সুরক্ষা এবং সম্মান নিশ্চিত করা। মহিলাদের খেলায় অংশগ্রহণ বাড়ানো এবং যুব প্রতিভাকে উৎসাহ দেওয়ার দিকেও সংস্থা এবার আরও বেশি গুরুত্ব দিচ্ছে।







