রাকেশ শর্মার ঐতিহাসিক মহাকাশযাত্রার প্রায় চার দশক পর আবারও এক ভারতীয় মহাকাশচারী মহাকাশে পাড়ি জমাতে চলেছেন। তিনি আর কেউ নন, লখনউয়ের গর্ব, ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ (অ্যাক্স-৪) অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। যাবতীয় প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু সময়ের অপেক্ষা।
সব ঠিক থাকলে মঙ্গলবার সকাল ৮টা ২২ মিনিটে মহাকাশের উদ্দেশে রওনা দেবে শুভাংশুদের যান। ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের ‘ড্রাগন’ মহাকাশযানটিকে এই অভিযানের জন্য বেছে নেওয়া হয়েছে, যা ফ্যালকন ৯ রকেট দ্বারা উৎক্ষেপিত হবে। রকেটটি ইতিমধ্যেই আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক লঞ্চপ্যাড ‘৩৯এ কমপ্লেক্স’-এ পৌঁছে গিয়েছে। কোনো কারণে মঙ্গলবার উৎক্ষেপণ সম্ভব না হলে, বুধবারও চেষ্টা করা হবে বলে নাসা জানিয়েছে।
বিজ্ঞানীরা এই অভিযানকে মহাকাশ অভিযানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। কারণ, এই অভিযানেই প্রথমবার ‘ড্রাগন’ মহাকাশযানটি মনুষ্যবাহী অবস্থায় উড়তে চলেছে। চার সদস্যের এই অভিযানের নেতৃত্ব দেবেন শুভাংশু, এবং তিনিই মহাকাশযানটি পরিচালনা করবেন। এএন-৩২, জাগুয়ার, হক, মিগ-২১, সু-৩০-সহ নানা ধরনের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা থাকলেও, মহাকাশযান পরিচালনা তাঁর জন্য এই প্রথম। দীর্ঘ প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি স্পেসএক্স এবং ‘অ্যাক্সিয়ম স্পেস ইনকর্পোরেশন’-এর কাছে।
প্রসঙ্গত, ইসরো প্রাথমিকভাবে দুই গগনযাত্রীকে বেছে নিয়েছিল – গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল এবং প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার। শুভাংশুকে মূল মহাকাশচারী এবং প্রশান্তকে বিকল্প হিসেবে রাখা হয়েছিল। গত বছরের অগস্ট থেকে তাঁরা প্রশিক্ষণ শুরু করেন। শুভাংশুর সঙ্গে এই অভিযানে নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন, পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু ১৪ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন এবং বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবেন। এক নতুন ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় গোটা দেশ।







