ভারতের অন্যতম দীর্ঘস্থায়ী টেলিভিশন সিরিজ ‘CID’ এর নতুন ওটিটি সংস্করণ ‘CID 2’ দর্শকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তবে সাম্প্রতিক একটি ঘটনায় বহু দর্শকই হতাশ এবং ক্ষুব্ধ। এই নতুন সিজনের সর্বশেষ পর্বে সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র ড. সালুংখের যাত্রা আকস্মিকভাবে শেষ হয়েছে। তার চরিত্রটিকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে দেখানোয় ভক্তরা গল্পের এই মোড়ের তীব্র সমালোচনা করেছেন।
১৯৯৮ সালে প্রথম প্রচারিত হয়ে দীর্ঘ ২০ বছর ধরে দর্শকদের মন জয় করা ‘CID’ এর চরিত্র ড. সালুংখে ফরেন্সিক বিশেষজ্ঞ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। তার হঠাৎ করে বিশ্বাসঘাতক হিসেবে দেখানোকে ‘অযৌক্তিক’ এবং তার চরিত্রের জন্য ‘অযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন দর্শকরা। সামাজিক মাধ্যম ‘X’-এ একজন ব্যবহারকারী লিখেছেন, “ড. সালুংখে বিশ্বাসঘাতক? CID-তে এটা আমার দেখা সবচেয়ে অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য ব্যাপার… এই মানুষটা CID-কে ২৭ বছর দিয়েছেন, মানুষ ফরেন্সিক বলতে তাকেই চেনে, আর তিনিই বিশ্বাসঘাতক! আমি আশা করি এটা একটা পরিকল্পনা, কারণ আমরা এটা মানতে পারি না।”
আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “ড. সালুংখে কে কিভাবে বিশ্বাসঘাতক বানালো? সে তো ডিএনএ রিপোর্ট চেক করে বলেছিল যে এটা ACP প্রদ্যুমন, তার চেয়ে ভালো হতো ACP আয়ুষ্মানকে বিশ্বাসঘাতক বানালে, সে তো ACP প্রদ্যুমনের ছবিতে আগুন দিতো, তার কয়েনে একদিকে চোখ ছিল আর অন্যদিকে ACP।”
প্রসঙ্গত, সম্প্রতি ‘CID 2’-তে ACP আয়ুষ্মানের চরিত্রে অভিনয় করা টিভি অভিনেতা পার্থ সামথান তার অংশের শুটিং শেষ করেছেন। তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কেক কাটার একটি বিদায়ী ভিডিও শেয়ার করে তার এই স্মরণীয় যাত্রার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কিন্তু ড. সালুংখের বিতর্কিত প্রস্থান ‘CID’ ভক্তদের মনে গভীর প্রভাব ফেলেছে।







