রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা. শান্তনু সেন এবার নয়া বিতর্কে। অভিযোগ—মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করেই নিজের প্রফেশনাল লেটারহেডে ব্যবহার করেছেন ‘FRCP (Glasgow)’ ডিগ্রি! রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে সাফ জানানো হয়েছে, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় রেজিস্টার্ড না থাকা কোনও ডিগ্রি ব্যবহার করা আইনবিরুদ্ধ।
এখানেই শেষ নয়। আরও বিস্ফোরক অভিযোগ তুলেছে কাউন্সিল—প্রফেশনাল লেটারহেডে ‘Diploma of Fellowship’ কথাটি উল্লেখ না করে শুধুই ‘FRCP’ লেখা হয়েছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে।
মেডিক্যাল কাউন্সিল জানায়, ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট-এর সেকশন ২৬ অনুযায়ী, কোনও বিদেশি ডিগ্রি ব্যবহারের আগে তা অবশ্যই ভারতীয় মেডিক্যাল রেজিস্টারে নথিভুক্ত করতে হবে। যা এই ক্ষেত্রে মানা হয়নি বলে দাবি।
এই পরিস্থিতিতে ২১ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে ডা. শান্তনু সেনকে। চাইলে তিনি উপস্থিত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারেন। অনুপস্থিত থাকলে একতরফা সিদ্ধান্ত নেবে কাউন্সিল।
তবে গোটা ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন ডা. সেন। তাঁর দাবি, “এটা শুধুই ব্যক্তিগত আক্রোশের ফল। আমি নির্দোষ। লিখিতভাবে সব ব্যাখ্যা দিয়েছি। তবুও এই চাপ তৈরি করা হচ্ছে।”
এই ঘটনায় চিকিৎসা মহলে নেমে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন নিয়ম মানতেই হবে, কেউ আবার একে দেখছেন ‘টার্গেটিং’। এখন দেখার, ডা. সেনের জবাবের ভিত্তিতে কী সিদ্ধান্ত নেয় মেডিক্যাল কাউন্সিল।







