সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে চা বাগান গড়ে তোলার অভিযোগে ফের উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার তুফানগঞ্জ-২ ব্লকের মধুরভাষা এলাকায়। বহুদিন ধরেই বারংবার নোটিশ দেওয়া সত্ত্বেও দখলদারদের পক্ষ থেকে কোনও সাড়া না মেলায় বৃহস্পতিবার আটিয়ামোচর বিট অফিসের তরফে পুলিশি সহায়তায় চালানো হয় বড়সড় অভিযান। প্রায় ৯ বিঘে বনভূমি এদিন দখলমুক্ত করা হয়েছে।
অভিযানের সময় চাষিরা দাবি করেন, তাঁদের এই চা চাষ কোনও অপরাধ নয়—ব্যাংক ঋণ নিয়ে তাঁরা বহু কষ্টে গড়ে তুলেছিলেন এই বাগান। ফসল ঘরে তোলার আগে যদি জমি দখলমুক্ত করতে হয়, তবে তাঁদের সর্বনাশ হবে। তাঁরা চান আরও কিছুটা সময়। যদিও বন দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ৫০ দিনের মধ্যে জমি খালি না করলে ফের অভিযান চলবে।
এই ঘটনার প্রেক্ষিতে আজ মধুরভাষা এলাকায় পৌঁছন কুমারগ্রাম চা বাগানের প্রখ্যাত শ্রমিক নেতা লুয়িস কুজুর। ঘটনাস্থল ঘুরে দেখে তিনি জানান, “চা শ্রমিকদের দীর্ঘদিনের সংগ্রাম ও কষ্ট আমরা জানি। প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে যাতে একটি মানবিক ও গ্রহণযোগ্য সমাধান হয়, তার চেষ্টায় আমরা রয়েছি। শ্রমিকদের পাশে আমাদের লড়াই চলবে।”
একদিকে বন সংরক্ষণের প্রশাসনিক বাধ্যবাধকতা, অন্যদিকে জীবিকার টানে লড়াই করা প্রান্তিক চা চাষিরা—এই দুই বিপরীত স্রোতের মাঝখানে দাঁড়িয়ে এখন মানবিক সমাধানের অপেক্ষায় গোটা মধুরভাষা। অশান্তির ছায়া কাটিয়ে এই দ্বন্দ্বের পরিসমাপ্তি কোন পথে—সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।







