ফের ভয়ঙ্কর নাশকতার ছাপ পাকিস্তানের রেলপথে। বড়সড় বিপদের মুখে পড়ল জাফর এক্সপ্রেস। বালুচিস্তানের জাকোবাবাদে ভয়াবহ বিস্ফোরণের জেরে রেললাইন থেকে ছিটকে গেল ট্রেনের চারটি কামরা। মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় কামরাগুলি, আতঙ্কে কেঁপে ওঠে গোটা এলাকা।
জানা গিয়েছে, পেশোয়ার থেকে কোয়েট্টাগামী এই এক্সপ্রেস ট্রেনটি যখন জাকোবাবাদের কাছে পৌঁছায়, ঠিক তখনই লাইনপাশে ঘটে যায় প্রবল বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ট্র্যাকে তৈরি হয় প্রায় ৩ ফুট গভীর গর্ত, উড়ে যায় ৬ ফুট রেললাইন। আর তার ফলেই লাইনচ্যুত হয় একের পর এক কামরা।
এই ঘটনায় এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর নেই, তবে আতঙ্ক ছড়িয়েছে ব্যাপকভাবে। উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও রেল দফতর। তবে বিস্ফোরণের দায় স্বীকার করেনি এখনও কোনও জঙ্গি গোষ্ঠী।
যদিও গোয়েন্দা সূত্রের দাবি, এর পেছনে থাকতে পারে বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA)। কারণ, কয়েক মাস আগেই এই একই জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছিল বালোচ জঙ্গিরা। সেসময় পাকিস্তান সেনার সঙ্গে ঘটে ভয়াবহ সংঘর্ষ, প্রাণ হারান শতাধিক সেনা ও জঙ্গি।
এই বিস্ফোরণ তারই পুনরাবৃত্তি? প্রশ্ন উঠছে গোটা দেশে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ফের সরব রাজনৈতিক মহল। বিস্ফোরণের তদন্তে নেমেছে পাক সেনা ও রেল সুরক্ষা বাহিনী। রেলপথে এমন হামলা পাক সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থাকেই আবার কাঠগড়ায় দাঁড় করাল।







