বিচারকের হেনস্থার মতো স্পর্শকাতর ঘটনায় এবার কড়া মনোভাব দেখাল কলকাতা হাইকোর্ট। বনগাঁ আদালতে বিচারক সোমা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে সাত আইনজীবীকে দোষী সাব্যস্ত করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির বেঞ্চ জানিয়েছে, এখনই কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তবে ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাহলে সেই নতুন মামলার সঙ্গে এই মামলাকে সংযুক্ত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
গত বছর এপ্রিল মাসে বনগাঁ আদালতের ভরা এজলাসে ঘটে যায় তীব্র উত্তেজনার ঘটনা। বিচারক সোমা চক্রবর্তী একটি মামলার শুনানি চালাচ্ছিলেন, এমন সময় এক ল ক্লার্কের মৃত্যুকে কেন্দ্র করে আইনজীবীরা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। কিন্তু আদালতের কর্মপ্রবাহ থামেনি। সেই সময় ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চলতে দেখে ক্ষুব্ধ হয়ে পড়েন আইনজীবীরা। অভিযোগ, মামলার শুনানি বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হলেও তা উপেক্ষা করে বিচার কাজ চলছিল।
এই নিয়ে তুমুল বাদানুবাদে জড়িয়ে পড়েন বিচারক ও কিছু আইনজীবী। এজলাসে চিৎকার, হট্টগোল এমন পর্যায়ে পৌঁছায় যে, অসুস্থ হয়ে পড়েন বিচারক সোমা চক্রবর্তী। তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে।
এই ঘটনার প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। আজকের রায়ে যেমন আইনজীবীদের ভূমিকা নিয়ে স্পষ্ট বার্তা দিল আদালত, তেমনই ভবিষ্যতের জন্য তৈরি করল কড়া নজির। আদালতের মর্যাদা রক্ষায় এবার কোনওরকম আপস নয় — এমনটাই ইঙ্গিত বিচারপতিদের।







