‘সর্দারজি ৩’ ছবিতে একাধিক পাকিস্তানি শিল্পীর সঙ্গে অভিনয় করে চরম বিতর্কে জড়িয়েছেন পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। সিনেমার রিলিজের পর থেকেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে ‘বয়কট’ ট্রেন্ড, যার জেরে ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ দিলজিতের তীব্র সমালোচনায় নেমেছে। এই পরিস্থিতিতে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ স্পষ্টভাবে দিলজিতের পাশে দাঁড়িয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন।
নাসিরুদ্দিন শাহ বলেন,”দিলজিতের কোনও দোষ নেই। ‘জুমলা পার্টি’র লোকজন ওঁকে আক্রমণ করার সুযোগ খুঁজছিল। সিনেমার কাস্টিং তো পরিচালকের দায়িত্ব, দিলজিতের নয়। শুধু জনপ্রিয়তার কারণে তাকেই নিশানা করা হচ্ছে।” এরপরেই অভিনেতা আরও বলেন,”যারা দিলজিতের বিরোধিতা করছে, তারা চায় ভারতীয়রা যেন তাঁদের পাকিস্তানি বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। আমারও পাকিস্তানে আত্মীয় ও প্রিয়জন আছেন। ওদের সঙ্গে দেখা করতে বা ভালোবাসা জানাতে আমাকে কেউ আটকাতে পারবে না। আর যারা বলছে ‘পাকিস্তান চলে যা’, তাদের বলি ‘আপনারা কৈলাসে যান’।”
নাসিরুদ্দিন শাহের এই মন্তব্য ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লিয়জ-এর সভাপতি অশোক পণ্ডিত তাঁর বক্তব্যে বলেন,”নাসিরুদ্দিন শাহের মন্তব্যে আমরা বিস্মিত নই। ওঁর হতাশা, ক্লান্তি স্পষ্ট। পাকিস্তান তো বারবার ভারতকে আঘাত করেছে। পুলওয়ামা, উরি, মুম্বই হামলার কথা ভুলব কীভাবে?” বিতর্ক চরমে ওঠায় নাসিরুদ্দিন শেষমেশ তাঁর পোস্ট মুছে ফেলেছেন। অন্যদিকে, ভারতে বয়কটের মাঝেও পাকিস্তানে ব্যাপক ব্যবসা করেছে দিলজিতের ‘সর্দারজি ৩’। ছবিতে পাক শিল্পীদের উপস্থিতি নিয়ে বিজেপিপন্থী ফিল্ম সংগঠনও কড়া অবস্থান নিয়েছে। দিলজিতের নতুন ছবি নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।







