বলিউডের স্বজনপোষণ এবং গোপন চক্রান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক আমাল মালিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ইন্ডাস্ট্রির অচলায়তন ভাঙতে গিয়ে কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়, তা নিজের চোখে দেখেছেন তিনি।
আমালের মতে, প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকালপ্রয়াণ আসলে বলিউডের অশুভ চক্রেরই ফল। তিনি বলেন,”সুশান্তের মতো একজন বহিরাগত তারকা দারুণ কাজ করছিলেন। তাই অনেকেই তাঁর উন্নতি সহ্য করতে পারছিলেন না। আর সেই কারণেই ওঁর বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়। যদিও অনেকেই ওঁর মৃত্যুকে আত্মহত্যা বলে দাগিয়েছেন, তবুও সেই ঘটনার প্রকৃত সত্য আজও রহস্যে ঢাকা।”
তাঁর বক্তব্যে উঠে আসে আরেক অভিনেতা কার্তিক আরিয়ানের নামও। আমাল জানান,’কার্তিকও বহিরাগত। ওঁর প্রতিভা এবং ক্রমাগত সাফল্য অনেকের গায়ে লাগছিল। ওঁর পেছনেও একাধিকবার চক্রান্ত হয়েছে। তবে ওঁর বাবা-মায়ের সমর্থন এবং মানসিক দৃঢ়তার কারণে তিনি এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন।” আমাল মালিকের এই বিস্ফোরক মন্তব্য ফের ইন্ডাস্ট্রির অন্দরের স্বজনপোষণ এবং শক্তিশালী লবির দৌরাত্ম্যের বিষয়টি সামনে নিয়ে এল। এর আগেও আমাল প্রকাশ্যে অবসাদের কথা বলেছিলেন এবং পরিবারের সঙ্গে তিক্ততার কারণে সম্পর্ক ছিন্ন করার ইচ্ছার কথা জানান, যা নিয়ে তখনও কম বিতর্ক হয়নি।







