গোপন সূত্রে খবর পেয়ে সোদপুরে চাঞ্চল্যকর অভিযান চালালো খড়দহ থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে সুভাষ নগর এলাকায় অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে ধরা পড়ল দুই কুখ্যাত দুষ্কৃতী — শম্ভু সর্দার ও বিজয় সিং। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান, একটি সেভেন এমএম পিস্তল এবং ১০ রাউন্ড গুলি।
পুলিশ সূত্রে খবর, সোদপুরে দীর্ঘদিন ধরেই বেআইনি অস্ত্র কেনাবেচার কারবার চলছিল। এই বিষয়ে গোপন সূত্রে তথ্য পাওয়ার পর তৎপর হয় খড়দহ থানার গোয়েন্দারা। পরিকল্পনা মতো শুক্রবার রাতে বিশেষ অভিযান চালানো হয়। সেই সময় অস্ত্র কেনাবেচার লেনদেন চলছিল বলে দাবি পুলিশের।
ধৃতদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ, শনিবার, ধৃতদের বারাকপুর আদালতে তোলা হবে। তদন্তে উঠে আসতে পারে অস্ত্রচক্রের আরও চাঞ্চল্যকর তথ্য — এমনটাই মনে করছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই ধরণের অপরাধে জড়িতদের ধরতে রাজ্যজুড়ে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।







