রাজ্য

SSC নিয়োগে হাইকোর্টের ছাড়পত্র, সেপ্টেম্বরে হতে পারে পরীক্ষা! তবু প্রশ্ন রয়ে গেল ‘যোগ্য চাকরিহারাদের’ ভবিষ্যৎ নিয়ে

কলকাতা হাইকোর্টে সব আইনি জটিলতা কাটিয়ে এবার নতুন করে শিক্ষক নিয়োগের পথে এগোচ্ছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। আদালত সাফ জানিয়ে দিয়েছে— ২০২৫ সালের তৈরি করা নতুন রুলই নিয়োগের ভিত্তি হবে। সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের সেপ্টেম্বরেই নিয়োগ পরীক্ষা হতে পারে বলে সূত্রের খবর।

SSC-র বিজ্ঞপ্তিকে মান্যতা দিল হাইকোর্ট
দুই দফা মামলায় আদালত SSC-র পাশে দাঁড়িয়েছে। প্রথমত, চিহ্নিত অযোগ্য বাদে বাকিদের বয়সে ছাড় এবং দ্বিতীয়ত, শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর অতিরিক্ত দেওয়ার বিষয়টি বৈধ বলেই মেনে নিয়েছে আদালত। এদিকে, সুপ্রিম কোর্টও আগেই জানিয়েছিল— চিহ্নিত অযোগ্য বাদে বাকিদের বয়সে ছাড় দিতে হবে। তাই ২০১৬-র প্যানেলে থাকা অনেক চাকরি হারানো যোগ্য প্রার্থীরাও এবার ফের আবেদন করতে পারবেন।

তবু বন্ধ হচ্ছে না বিতর্ক – ‘যোগ্যরাও বাদ পড়তে পারেন!’
তবে এখানেই থেমে নেই বিতর্ক। অভিযোগ, নতুন রুল অনুযায়ী পরীক্ষা দিতে গেলে স্নাতকে ৫০% নম্বর আবশ্যিক। অথচ ২০১৬ সালের নিয়মে ন্যূনতম প্রয়োজন ছিল ৪৫%। ফলে ৪৬%-৪৭% নম্বর পেয়ে আগের নিয়োগে সফল হওয়া অনেকেই এবার যোগ্যতার ভিত্তিতেই ছেঁটে যেতে পারেন।

চাকরি হারানো শিক্ষক চিন্ময় মণ্ডল জানান, “হাইকোর্টে এই বিষয়ে সওয়াল করার সুযোগ পাইনি। আমরা এখন সুপ্রিম কোর্টে যাচ্ছি।”

স্পেশাল B.Ed করা প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত
আরও এক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে— Rehabilitation Council of India (RCI) অনুমোদিত স্পেশাল B.Ed ডিগ্রিধারীদের নিয়ে। ২০১৬ সালে এরাই শিক্ষক হয়েছিলেন অনেকেই। কিন্তু ২০২৫-এর SSC রুল অনুযায়ী, শুধুমাত্র NCTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকেই B.Ed করতে হবে বলে বলা হয়েছে। এদের নিয়ে কিছু বলা হয়নি, ফলে তাঁদের পরীক্ষায় বসার অধিকার আদৌ থাকবে কি না, তা নিয়ে জট রয়েই গেল।

SSC কী বলছে?
SSC-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু পুরনোদের কথা ভাবলে চলবে না। নতুন প্রার্থীদের মধ্য থেকেও নিয়োগ করতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের জন্য ১০ নম্বরের সুবিধা রয়েছে।”

SSC স্পষ্ট জানিয়েছে— কাকে যোগ্য বলে ধরা হবে, তা ঠিক করবে রাজ্য সরকারই। সেই ভাবনা মাথায় রেখেই তৈরি হয়েছে এই নতুন নিয়মাবলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.