ডোনা রায়, কলকাতা :- রাজ্যের রাজনৈতিক মহলে ফের একবার আলোচনার কেন্দ্রে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২১ জুলাই, যখন রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, সেদিন খড়গপুর চষে বেড়াতে দেখা যায় তাঁকে। পরদিন, মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি আক্রমণ তৃণমূলের জনপ্রিয় অভিনেতা-সাংসদ দেবকে উদ্দেশ করে।
দিলীপের কটাক্ষ, “মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে। কিন্তু এমন ভালো ছেলেও যদি কিছু না করে বসে থাকে, তাহলে কী লাভ?” এখানেই থেমে থাকেননি তিনি। ঘাটালবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন তুলে দিলীপ বলেন, “প্রতিবার ভোটের আগে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এতদিনেও প্রকল্পের কাজ পুরোপুরি শুরু হয়নি। দেব কি নিজের ইচ্ছায় লড়ছে, না কি কারও চাপে বাধ্য হয়ে প্রার্থী হয়েছে?”
উল্লেখ্য, দেব ওরফে দীপক অধিকারী চলতি লোকসভা ভোটে প্রার্থী হতে প্রথমে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। ব্যক্তিগত কাজের চাপ ও বারংবার প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার হতাশা থেকেই এমন সিদ্ধান্ত। তবে সূত্রের দাবি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসেই তিনি ফের রাজি হন ভোটে লড়তে। জয়ও পান বিপুল ব্যবধানে।
কিন্তু সেই প্রেক্ষিতেই দিলীপের খোঁচা, “ও তো দাঁড়াতেই চায়নি। তাহলে কী কারণে রাজি হল? চাপ আছে না কি হুমকি? সিনেমা বন্ধ করে দেওয়া হবে, প্রোডাকশনে সমস্যা তৈরি হবে – এসব ভয় দেখানো হচ্ছে?” এমনকি দেবের প্রতি কটাক্ষ ছুড়ে দিলীপ বলেন, ” দম থাকলে বেরিয়ে এসো, রাজনীতি করো নিজের মতো। বারবার ভোটের সময় এসে ভুলভাল আশ্বাস দেওয়ার কোনও মানে হয় না।”
দিলীপ ঘোষের এই বক্তব্য ঘিরে জল্পনা, তবে কি এবার তিনি দেবকে বিজেপিতে টানার চেষ্টা করছেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মুখে কটাক্ষ হলেও, এর পিছনে রয়েছে কৌশল – একদিকে দেবের জনপ্রিয়তা, অন্যদিকে তৃণমূলের অন্দরমহলের চাপ – দুই মিশিয়ে বিজেপির তরফে এক নতুন কৌশলের ইঙ্গিত মিলছে।







