ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তা, বাংলাদেশে পুশব্যাকের আবহে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে নজিরবিহীন আক্রমণে তৃণমূল সাংসদ; প্রশ্ন তুললেন নাগরিকত্ব নিয়েও।
ভিনরাজ্যে বাংলা ভাষীদের উপর ‘অত্যাচার’ এবং বাংলাদেশ থেকে আসা নাগরিকদের পুশব্যাক ঘিরে দেশজুড়ে উত্তেজনার আবহে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে নজিরবিহীন কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, “যদি নরেন্দ্র মোদির জৈবিক জন্মই না হয়ে থাকে, তাহলে তিনি কীভাবে ভারতীয় নাগরিক?” এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।
রবিবার সোশাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। বিহার নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “যাঁরা বাংলার বাসিন্দা, কিন্তু জীবিকার তাগিদে অন্য রাজ্যে থাকেন, তাঁরা কি কম বাঙালি? কেউ ভোটে অংশ না নিলে, তাঁর নাগরিকত্ব নিয়েই কি প্রশ্ন উঠবে?”
এরপরই মোদির ‘অতিন্দ্রীয় জন্ম’ সংক্রান্ত পুরনো মন্তব্যকে তুলে এনে কটাক্ষের সুরে কল্যাণ লেখেন,
“উনি নিজেই বলেছেন, ওঁর জন্ম বায়োলজিক্যাল নয়। ঈশ্বরের দূত তিনি। যদি তাই হয়, তাহলে তো তিনি কোনও দেশের নাগরিক নন, অতিন্দ্রীয় জগতের বাসিন্দা! তাঁকে সেই দেবদেবীর জগতে পুশব্যাক করা উচিত।”
প্রসঙ্গত, গত বছর এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন—
“মা যতদিন বেঁচে ছিলেন, আমার মনে হত আমি জৈবিক ভাবে জন্মেছি। কিন্তু তাঁর মৃত্যুর পর নিশ্চিত হয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এই শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বরই আমাকে দিয়ে কাজ করাচ্ছেন।”
এই উক্তিকে হাতিয়ার করেই কল্যাণের তির্যক প্রশ্ন,
“যদি নরেন্দ্র মোদির বায়োলজিক্যাল জন্ম না হয়ে থাকে, তাহলে তিনি কীভাবে ভোটার তালিকায় নাম রাখেন? মা কালী বা শিবেরও তো জৈবিক জন্ম হয়নি। তাঁরা কি ভারতীয় নাগরিক? তাহলে মোদির ক্ষেত্রেই বা আলাদা হবে কেন?”
তাঁর আরও সংযোজন, “তাঁকে পুশব্যাক করে দেবতাদের জগতে পাঠানোই উচিত।”
কল্যাণের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, কল্যাণের এই মন্তব্য আগামী কয়েকদিনে রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।







