নিজস্ব প্রতিনিধি, নদিয়া: সাধুর বেশে আত্মগোপন! বাংলাদেশি কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। শুক্রবার গভীর রাতে নদিয়ার তেহট্ট মহকুমার বালিউরা পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে ধৃতের হদিশ মেলে। অভিযুক্তের নাম মহম্মদ হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক (বয়স ৬০)।
সূত্রের খবর, বাংলাদেশে একাধিক গুরুতর অপরাধমূলক মামলায় অভিযুক্ত হাসেম ভারতীয় ভূখণ্ডে পালিয়ে এসে সাধুর ছদ্মবেশে আত্মগোপন করেছিল। পশ্চিমবঙ্গ এসটিএফের এসআই মহম্মদ আবদুন নূর চৌধুরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তেহট্ট থানার পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ধৃত হাসেম মল্লিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সে বাংলাদেশে মামলা এড়াতে ভারতে পালিয়ে এসেছে এবং জাল পরিচয়পত্র তৈরি করেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতের কাছে ভারতীয় পরিচয় সংক্রান্ত বৈধ কোনও নথিপত্র ছিল না। তাকে শনিবার তেহট্ট মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এসটিএফ।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন—এই বাংলাদেশি কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করল, কীভাবে এবং কোথায় জাল পরিচয়পত্র বানাল, ভারতে নাশকতার কোনও ছক ছিল কিনা এবং এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা। ফরেনার্স অ্যাক্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা তেহট্ট এলাকায়।







