যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুরের ঘটনায় অবশেষে ধরা পড়লেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার। বুধবার দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে আটক করে অভিবাসন বিভাগ। জানা গেছে, স্পেনে গবেষণার কাজ শেষ করে দেশে ফেরার পথে ধরা পড়েন তিনি।
ঘটনা ১ মার্চের। সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে ছাত্র বিক্ষোভের মুখে পড়েন ব্রাত্য বসু। মূলত বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা দফায় দফায় বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ভাঙচুর হয় মন্ত্রীর গাড়ি। অসুস্থ হয়ে পড়েন শিক্ষামন্ত্রী, তাঁকে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে।
ঘটনার পর এফআইআর দায়ের হয়, যেখানে নাম ছিল হিন্দোল মজুমদারের। এরপরই তাঁর নামে লুকআউট নোটিস জারি করে পুলিশ। স্পেন থেকে ফিরতেই দিল্লি বিমানবন্দরে তাঁকে ধরে ফেলে অভিবাসন কর্তৃপক্ষ এবং বিষয়টি জানায় কলকাতা পুলিশকে। ইতিমধ্যেই কলকাতা থেকে একদল পুলিশ দিল্লি রওনা দিয়েছে। বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে আদালতে তোলা হবে অভিযুক্তকে।







