খেলাধুলা

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে ভারতের দল ঘোষণা!অধিনায়ক হরমনপ্রীত কৌর বাদ শেফালি, জায়গা পেলেন রিচা ঘোষ

নিজস্ব সংবাদদাতা: ১২ বছর পর ফের ভারতে বসতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের আসর। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলা দলের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করল। বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক হিসেবে থাকছেন স্মৃতি মন্ধানা। বাংলার তরুণী উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ জায়গা করে নিয়েছেন মূল দলে। তবে চমক বলতে বাদ পড়েছেন বিধ্বংসী ওপেনার শেফালি বর্মা।

প্রধান নির্বাচক নীতু ডেভিড জানালেন, “এই দলটা আমরা দীর্ঘদিন ধরে তৈরি করেছি। বেশি পরীক্ষানিরীক্ষা করতে চাইনি।” অধিনায়ক হরমনপ্রীতের কথায়, “আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। ইংল্যান্ড সিরিজেও প্রায় একই দলই খেলেছিল।”

বিশ্বকাপের সূচি
৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে মহিলাদের বিশ্বকাপ। মোট পাঁচটি ভারতীয় স্টেডিয়াম এবং শ্রীলঙ্কার কলম্বোয় হবে ম্যাচগুলি। উদ্বোধনী ম্যাচে (৩০ সেপ্টেম্বর) বেঙ্গালুরুতে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৫ অক্টোবর কলম্বোয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। হাইব্রিড মডেলে আয়োজন হওয়ায় পাকিস্তানকে ভারতে আসতে হচ্ছে না। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর, দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর, আর ফাইনাল হবে ২ নভেম্বর বেঙ্গালুরুতে। পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ সরে যাবে কলম্বোয়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ
বিশ্বকাপের আগে ভারত ১৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সেই দলে একটিমাত্র পরিবর্তন হয়েছে—অমনজ্যোতের বদলে জায়গা পেয়েছেন সায়লি সাতঘড়ে।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড
হরমনপ্রীত কৌর (অধিনায়ক)

স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক)

প্রতিকা রাওয়াল

হরলিন দেওল

দীপ্তি শর্মা

জেমাইমা রদ্রিগেজ

রেণুকা সিং ঠাকুর

অরুন্ধতী রেড্ডি

রিচা ঘোষ (উইকেটকিপার)

ক্রান্তি গৌড়

অমনজ্যোত কৌর

রাধা যাদব

শ্রী চরণী

যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার)

স্নেহ রানা

ভারত এখনও পর্যন্ত মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি। নিজেদের মাটিতে এই মেগা টুর্নামেন্টে ‘ইতিহাস গড়ার’ স্বপ্ন নিয়েই মাঠে নামবে হরমনপ্রীত ব্রিগেড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.