দেশে মানসম্পন্ন তরুণ বোলারের ঘাটতি মেটাতে বড় পদক্ষেপ নিল Board of Control for Cricket in India (বিসিসিআই)। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে আগামী প্রজন্মের পেস ও স্পিন বোলারদের গড়ে তুলতে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বোর্ড। সেই ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন ভারতের প্রাক্তন তারকা পেসার Zaheer Khan এবং অফ স্পিন কিংবদন্তি Harbhajan Singh। যোগাযোগ করা হয়েছিল অনিল কুম্বলের সঙ্গেও।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই শিবিরে ডাকা হয়েছে বয়সভিত্তিক ও প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করা উদীয়মান বোলারদের। সম্প্রতি একটি খসড়া তালিকা তৈরি করে সেখান থেকেই ক্রিকেটারদের বাছাই করেছে বোর্ড। লক্ষ্য একটাই—টিম ইন্ডিয়ার সাপ্লাই লাইন মজবুত রাখা এবং আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি রাখা ভবিষ্যতের বোলারদের।
বিসিসিআইয়ের এই উদ্যোগ নতুন নয়। এতদিন সেন্টার অফ এক্সেলেন্সে পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন ট্রয় কুলি। গত ডিসেম্বরে তাঁর চার বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। ৬০ বছর বয়সী কুলি নিজেই আর দায়িত্বে থাকতে আগ্রহী নন বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে। এরপরই নতুন পেস বোলিং কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে বিসিসিআই। ৯ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং একাধিক প্রাক্তন ক্রিকেটার আবেদন করেন। তবে এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি।
এই পরিস্থিতিতে অস্থায়ীভাবে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয় জাহির খানকে। তিনি তাতে সম্মতি দিয়েছেন। যদিও পূর্ণকালীন দায়িত্ব নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে বোর্ডের এক কর্তার কথায়, “জাহির যদি পুরো সময় দিতে চান, তাতে বিসিসিআইয়ের কোনও আপত্তি থাকবে না।”
এই ক্যাম্পের তত্ত্বাবধানে রয়েছেন সিইও-র হেড অফ ক্রিকেট VVS Laxman। তিনিই জাহির, হরভজন এবং Anil Kumble-র সঙ্গে যোগাযোগ করেন। জানা গিয়েছে, ভাজ্জি শীঘ্রই অফ স্পিনারদের জন্য চার-পাঁচ দিনের একটি বিশেষ শিবির আয়োজন করতে চলেছেন। যদিও তারিখ এখনও নির্ধারিত হয়নি। বোর্ড সূত্রে খবর, ‘মিস্টার টার্বুনেটর’ উদীয়মান স্পিনারদের সঙ্গে কাজ করতে অত্যন্ত উৎসাহী।
পেস বোলিং কোচ পদের জন্য আবেদনকারীদের তালিকায় রয়েছেন প্রাক্তন পেসার VRV Singh এবং Sreenath Aravind। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি বোর্ড।
সব মিলিয়ে, ভবিষ্যতের কথা ভেবেই এখন থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করেছে বিসিসিআই। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে চাইলে শক্তিশালী বোলিং ভান্ডার গড়ে তোলাই যে প্রধান লক্ষ্য, তা স্পষ্ট বোর্ডের এই উদ্যোগে।







