সকালটা ছিল একেবারে স্বাভাবিক। হঠাৎই অচেনা ইমেল বদলে দিল পুরো দৃশ্যপট। বুধবার সকালে দিল্লির মালব্যনগর ও করোল বাগের দুটি নামী স্কুলের অফিসিয়াল আইডিতে এসে পৌঁছায় বোমা মজুত থাকার বার্তা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে তীব্র উদ্বেগ। ক্লাসরুম খালি করে দ্রুত বাইরে আনা হয় শত শত পড়ুয়া। আতঙ্কে ছড়িয়ে পড়া কান্না, হুড়োহুড়ি—সব মিলিয়ে স্কুল প্রাঙ্গণ যেন এক অচেনা যুদ্ধক্ষেত্র।
খবর পৌঁছেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিস, বম্ব ডিসপোজাল স্কোয়াড ও দমকল বাহিনী। স্নিফার ডগ নিয়ে শুরু হয় টহল। প্রতিটি ব্যাগ, প্রতিটি ঘর—কোনও জায়গাই বাদ যায়নি চিরুনি তল্লাশির হাত থেকে। ঘন্টাখানেক টানটান উত্তেজনার পরও মেলেনি বিস্ফোরকের কোনো চিহ্ন। তবুও অদৃশ্য এক ভয়ের আবহ ঘিরে ফেলে শিক্ষক, অভিভাবক থেকে পড়ুয়াদের মন।
প্রসঙ্গত, গত ক’দিন ধরেই রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বারবার লক্ষ্যবস্তু হয়েছে এই ধরনের ভুয়ো হুমকির। ঠিক সোমবারই কয়েক ডজন স্কুলে উড়ো ফোনে এসেছিল একই রকম আতঙ্ক ছড়ানো বার্তা। সেদিনও শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি। এবারের ঘটনার সঙ্গে আগের ঘটনার যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। তবে একের পর এক একই ধরনের হুমকি মেল বা ফোনে আসায় উদ্বিগ্ন অভিভাবকেরা। তাঁদের প্রশ্ন—শিশুদের নিরাপত্তা নিয়ে কেন বারবার ছলচাতুরি? রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান কি তবে অদৃশ্য আতঙ্কের ছায়াতেই আবদ্ধ থাকবে?







