দুদিন ধরে , বেরোচ্ছিল প্রচণ্ড দুর্গন্ধ । বুধবার শেষমেষ সেই গন্ধ সহ্যের সীমা ছাড়িয়ে যায়। অতিষ্ঠ হয়ে ওঠেন স্থানীয়রা । অবশেষে নিজেরাই গন্ধ কোথা থেকে বেরোচ্ছে , তা খুজতে বেরোন এলাকাবাসীরাই । সন্ধানে নামার পর বোঝা যায় , এলাকার এক বাড়ি থেকেই বেরোচ্ছে দুর্গন্ধ । তারপরেই সামনে আসে এক ভয়াবহ দৃশ্য । মা ও মেয়ের পচাগলা দেহ উদ্ধার , এক কলেজের প্রাক্তন অধ্যাপকের বাড়ি থেকে । ঘটনা বর্ধমান শহরের লক্ষীপুরমাঠের । ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । জানা গিয়েছে মৃতাদের নাম শিখা ভট্টাচার্য (৫৬) ও তৃষা ভট্টাচার্য (৩০) ।
যার বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে তিনি , স্বপন ভট্টাচার্য। মৃতা শিখার স্বামী । আরামবাগের একটি কলেজের অধ্যাপক ছিলেন তিনি । কিছু বছর আগে অসুস্থতার কারণেই তার মৃত্যু হয় । তারপর থেকেই শিখা ও তৃষা বাড়িতে একাই থাকতেন । উল্লেখ্য , দেড় বছর আগে বিয়ে হয় তৃষার কিন্তু তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর থেকে মায়ের সাথেই থাকতেন তিনি ।
স্থানীয়রা জানিয়েছেন , প্রায় ৬-৭ দিন ধরেই দেখা যায়নি তাদের । বুধবার রাতে এক প্রতিবেশী , তাদের বাড়িতে গিয়ে দুর্গন্ধ পেলে খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ এসে মা ও মেয়ের পচাগলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান , বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন মা ও মেয়ে । তবে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।







