জেলারাজ্য

ঝাড়গ্রামে রক্তাক্ত অধ্যায়— খুন, সুইসাইড নোট আর এক এসআই-এর ভয়ংকর স্বীকারোক্তি”

“মরে গেলে কি সবকিছু সহজ হতো?”— এসআই জয়দীপ চট্টোপাধ্যায়ের রেখে যাওয়া সুইসাইড নোটে এই প্রশ্নই যেন পুরো ঘটনার কেন্দ্রবিন্দু। ঝাড়গ্রামে ঘটে গেল এক বিভীষিকাময় অধ্যায়। বৃদ্ধ, অসুস্থ বাবা-মাকে গুলি করে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন তিনি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন ওই পুলিশ অফিসার।

পরিবারের একমাত্র ভরসা ছিলেন জয়দীপ। একদিকে পুলিশের ডিউটির চাপ, অন্যদিকে মূক ও বধির বাবার পাশাপাশি মায়ের দেখাশোনার ভার— এই দু’দিক সামলাতে সামলাতে মানসিক অবসাদের শিকার হয়েছিলেন তিনি। সুইসাইড নোটে স্পষ্টই লেখা, “এই মানসিক যন্ত্রণা নিতে পারছি না। আমি মরলে বাবা-মাকে কে দেখবে? তাই তিনজনের একসঙ্গে শেষ হওয়াই ভালো।”

সূত্রের খবর, ছুটিতে ছিলেন জয়দীপ। ভোরে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা দেবব্রত চট্টোপাধ্যায় ও মা শম্পা চট্টোপাধ্যায়ের। এরপর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন জয়দীপ। গুলির শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা। দরজা খুলতেই দেখা যায়, রক্তাক্ত দেহে ছেয়ে গেছে ঘর।

আসানসোলের বামুনপাড়ার বাসিন্দা জয়দীপ বিয়ে করেননি। বাবা অবসরপ্রাপ্ত রেলকর্মী ছিলেন। অবসরের পর অসুস্থতায় কথা বলার ক্ষমতা হারান, কানে শুনতেও পারতেন না। সেই কষ্ট সামলাতেই জয়দীপ বাবা-মাকে নিয়ে এসেছিলেন ঝাড়গ্রামে ভাড়াবাড়িতে। প্রতিবেশীদের দাবি, তিনি ছিলেন চুপচাপ স্বভাবের, কারও সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না।

পুলিশের অনুমান, প্রবল মানসিক চাপ এবং দীর্ঘদিনের অবসাদই তাঁকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবে এ ঘটনায় এলাকা জুড়ে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। এক পুলিশ আধিকারিকের বেদনার্ত মন্তব্য— “অন্যকে রক্ষা করতে গিয়ে প্রতিদিন ঝুঁকি নিতেন, কিন্তু নিজের মানসিক যন্ত্রণার লড়াইটা আর পারলেন না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.