পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ পর্ব শেষ হলেও রাজনৈতিক উত্তাপ একটুও কমেনি। ফল ঘোষণার আগে রাজ্য জুড়ে এখন মূল ফোকাস ইভিএম ও স্ট্রংরুমের নিরাপত্তা এবং গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। আগামী ৪ মে ২৯৪টি আসনের ফল প্রকাশের কথা, তার আগেই নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে আইনি লড়াই।
ভোট শেষ হওয়ার পর থেকেই স্ট্রংরুমে রাখা ইভিএমগুলির নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন। আগে যেখানে প্রায় ২০০ কোম্পানি বাহিনী ছিল, এখন সেই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর। বর্তমানে মোতায়েন বাহিনীর মধ্যে রয়েছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি এবং এসএসবি-র একাধিক ইউনিট। প্রতিটি স্ট্রংরুম পাহারায় থাকছেন ১২ থেকে ১৮ জন সশস্ত্র জওয়ান, যাতে কোনওরকম নিরাপত্তা ঘাটতি না থাকে।
অন্যদিকে, গণনাকেন্দ্রের সংখ্যাতেও পরিবর্তন আনা হয়েছে। এবারের নির্বাচনে ২৯৪টি আসনের জন্য নির্ধারিত হয়েছে ৮৭টি গণনাকেন্দ্র, যা ২০১৬ সালের ৯০টি এবং ২০২১ সালের ১০৮টি কেন্দ্রের তুলনায় কম। কমিশনের এই সিদ্ধান্ত নিয়েও উঠছে প্রশ্ন।
এই আবহেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে দুটি গুরুত্বপূর্ণ মামলা। তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, গণনাকেন্দ্রে সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হচ্ছে, রাজ্য সরকারি কর্মীদের বাদ দেওয়া হয়েছে—যা একতরফা সিদ্ধান্ত। অন্যদিকে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, গণনার ঠিক আগে কেন হঠাৎ করে কেন্দ্র পরিবর্তন করা হচ্ছে এবং এর পিছনে স্বচ্ছতার অভাব রয়েছে।
বিচারপতি কৃষ্ণ রাও এই মামলাগুলির শুনানির অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টোর পর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন নজর আদালতের রায়ের দিকে—কারণ সেটিই নির্ধারণ করবে ৪ মে-র গণনা প্রক্রিয়া কতটা নির্বিঘ্ন ও বিতর্কমুক্তভাবে সম্পন্ন হবে।







