জম্মু কাশ্মীর এবং লাদাখ পাকিস্তানের অংশ ? ভারতের এমন বিকৃত মানচিত্র প্রকাশ করেছে নেপাল । বুধে দেখা যায় , নেপাল এয়ারলাইন্সের তরফে একটি রুট ম্যাপ প্রকাশ করা হয় । আর সেই রুটম্যাপেই পাকিস্তানের অংশ হিসেবে দেখা হয়েছে , জম্মু কাশ্মীর ও লাদাখকে । বর্তমানে সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে সেই ছবি । নেটিজেনদের পক্ষ থেকে , এবিষয়ে বিদেশমন্ত্রকের বিবৃতিও দাবী করা হয়েছে ।
বুধবার নেপালের সরকারি উড়ান সংস্থা নেপাল এয়ারলাইন্স তাদের এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি প্রচারমূলক পোস্ট শেয়ার করে। সেখানে উত্তর-পশ্চিম ভারতের একটি বৃহৎ অংশকে ভুলভাবে পাকিস্তানের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। মূলত কোন কোন শহরে সংস্থাটি উড়ান পরিষেবা দেয়, সেটিই মানচিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভারতের বিকৃত মানচিত্র প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বহু ভারতীয় নেটিজেন এই পোস্টের বিরোধিতা করেন এবং বুধবারই #BoycottNepalAirlines ট্রেন্ড করতে শুরু করে।
নেপালের এই ভুলের পর , অনেকেই বিদেশ মন্ত্রকের বিবৃতি দাবী করেছেন । আর তাদের মধ্যেরই একজন , বিখ্যাত ভোজপুরি গায়ক-অভিনেতা খেসারিলাল যাদব । তিনি ক্ষোভ উগড়ে দিয়ে সমাজ মাধ্যমে লেখেন , ” কেউ বলতে পারেন, নেপাল এয়ারলাইন্স কী করে ভারতের এমন বিকৃত মানচিত্র প্রকাশ করল? সেটাও আবার জম্মু-কাশ্মীর নিয়ে? এটা কোনও ছোট্ট ঘটনা নয়। আমি মনে করি এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, উসকানি দেওয়ার চেষ্টা চলছে।”
যদিও ইতিমধ্যেই এই বিষয়ে ক্ষমা চেয়ে নিয়েছে নেপাল এয়ারলাইন্স । তাদের তরফে জানানো হয়েছে , তথ্য সংগ্রহ সংক্রান্ত কিছু ত্রুটির জন্যই মানচিত্রে এই ভুল হয়েছে।







