ভাষাকে কেন্দ্র করে যে বিভেদের রাজনীতি তৈরি হচ্ছে , তার বিরুদ্ধে আন্দোলনে ইতোমধ্যেই পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল। সোমবারও সেই বাঙালি অস্মিতায় সান দিতে বোলপুরে রবি ঠাকুরের ছবি নিয়ে পথে হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবি ঠাকুরের ছবির পাশাপাশি ছিল নানান বাংলা অক্ষরের প্ল্যাকার্ড। মুখ্যমন্ত্রী , এদিন সাফ জানিয়ে দেন ,“আমি কোনও ভাষার বিরোধী নই। কিন্তু, যে কোনও বিভেদকামী পলিসির বিরোধী আমি। আমি দেশের ঐক্য চাই। বিবিধের মাঝে মিলন আমাদের মধ্যেই রয়েছে।”
উল্লেখ্য , বিজেপি শাসিত একাধিক রাজ্যে , বাঙালি এবং বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠছে । বাংলা ভাষায় কথা বললেই দেওয়া হচ্ছে বাংলাদেশী তকমা । বারবারই যা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী । সোমবার বোলপুরেও প্রতিবাদে সুর শোনা গেলো তৃণমূল সুপ্রিমোর গলায় । মঞ্চ থেকে এদিন মমতা ব্যানার্জি বলেন , “বাংলাদেশের মানুষরা যাঁরা স্বাধীনতার পরে আইনত বাংলায় এসেছেন ১৯৭১ সালের মার্চ মাস অবধি তাঁদের কথার টানে এখনও বাংলাদেশের ভাষা রয়ে গিয়েছে। কারণ, আগে ইউনাইটেড ইন্ডিয়া ছিল, দেশটা আলাদা ছিল না। এখন বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, ভারতবর্ষ আলাদা। আমরা ভারতবর্ষের নাগরিক।”
পাশাপাশি বাঙালিদের বিরুদ্ধে যে হেনস্থা হচ্ছে , তার বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা ব্যানার্জি বলেন , “সবাই কী একই ভাষায় কথা বলে? বলে না। বীরভূমের গ্রামে চলে যান। আমরা বলি কোথায় গিয়েছিলে, ওরা বলে কতি গিয়েছিলি, কেমন আছিস বটে! মুর্শিদাবাদ, বর্ধমান, রাজবংশীদের, মতুয়াদের একটা টিপিক্যাল ভাষা রয়েছে। আমি কোনও ভাষার বিরোধী নই। কিন্তু, যে কোনও বিভেদকামী পলিসির বিরোধী আমি। আমি দেশের ঐক্য চাই। বিবিধের মাঝে মিলন আমাদের মধ্যেই রয়েছে।”







