উত্তরপ্রদেশের মীরাটে আচমকা ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অভিযোগ, গভীর রাতে কিংবা ফাঁকা মাঠ থেকে হঠাৎই বেরিয়ে আসছে নগ্ন পুরুষদের গ্যাং! তারপরই অসহায় মহিলাদের উপর হামলা চালাচ্ছে তারা। গত পনেরো দিনে চারটি এমন ঘটনাই প্রকাশ্যে এসেছে। ফলে চাঞ্চল্যে উত্তাল গোটা দৌরালা এলাকা। ভয় আর উৎকণ্ঠায় ঘর থেকে বেরোতে পর্যন্ত সাহস পাচ্ছেন না স্থানীয় নারীরা।
ঘটনার জেরে নড়েচড়ে বসেছে জাতীয় মহিলা কমিশন। সোমবার চেয়ারপার্সন বিজয়া রহাতকর রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে চিঠি দিয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিন দিনের মধ্যে চাই রিপোর্ট। শুধু তাই নয়, মীরাটে বাড়াতে হবে পুলিশ টহলও, নিশ্চিত করতে হবে মহিলাদের নিরাপত্তা। কমিশনের কড়া বার্তা “এ ধরনের আক্রমণ শুধু আইনের লঙ্ঘন নয়, নারীর সম্মানকে পদদলিত করার ভয়ঙ্কর অপচেষ্টা। অপরাধীদের দ্রুত শনাক্ত করে ভারতীয় ন্যায় সঙ্কলন ২০২৩-এর অধীনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।” এখন দেখার এই অদ্ভুত গ্যাং-এর পর্দাফাঁস কতদিনে হবে?







