অল্পের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনা এড়াল IndiGo-র একটি বিমান। উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দরে শনিবার সকাল ১১টা নাগাদ দিল্লিগামী বিমানের উড্ডয়নের সময় আচমকা তৈরি হয় বিপদ। রানওয়ে প্রায় শেষ হয়ে গেলেও বিমানটি কোনওভাবেই আকাশে উঠছিল না। শেষ মুহূর্তে পাইলট এমার্জেন্সি ব্রেক কষে বিমানটিকে দাঁড় করান। ফলে তীব্র ঝাঁকুনির মুখে পড়লেও প্রাণ বাঁচে ১৫১ জন যাত্রীর।
সূত্রের খবর, যাত্রীদের মধ্যে ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব এবং দলের আর এক নেতা সূর্য সিংহও। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালেও, কোনও যাত্রী আহত হননি। দ্রুত সকলকে নিরাপদে বিমান থেকে নামানো হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি উড্ডয়ন করতে ব্যর্থ হয়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিমান কর্তৃপক্ষ। IndiGo জানিয়েছে, বিকল্প বিমানে যাত্রীদের দিল্লি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরেই একাধিকবার ভারতীয় বিমান সংস্থাগুলির ফ্লাইটে ত্রুটি ও বিপত্তির খবর সামনে এসেছে। অগাস্টে মুম্বই বিমানবন্দরে ভারী বৃষ্টির সময় IndiGo-র একটি Airbus A321-এর লেজ রানওয়েতে ঘষে যায়। চলতি মাসের শুরুতেও আবুধাবি-গামী IndiGo-র এক বিমানে ত্রুটি ধরা পড়ে, জরুরি অবতরণ করতে হয় কোচিতে। এই ধারাবাহিক ঘটনায় বিমান রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে।







