ভগবান বিশ্বকর্মাকে বলা হয় বিশ্বের প্রথম স্থপতি। তিনিই দেবতা ও অসুরদের জন্য তৈরি করেছিলেন নানা নগর, প্রাসাদ আর অলৌকিক অস্ত্রশস্ত্র। স্বর্গ, লঙ্কা, দ্বারকা কিংবা হস্তিনাপুর—সব কিছুর স্থপতি হিসেবে তাঁর নামই উঠে আসে পুরাণে। তাই আজও তাঁকেই প্রযুক্তি বিদ্যা ও কারুশিল্পের দেবতা হিসেবে মানা হয়।
এবারও ঠিক সেই মতো ১৭ সেপ্টেম্বর ধুমধাম করে পালিত হবে বিশ্বকর্মা পুজো। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে হয় এই পূজা।
শুভক্ষণ:
শাস্ত্র অনুযায়ী এই বছর বিশ্বকর্মা পূজার শুভ সময় সকাল ৭টা ৩৯ মিনিট থেকে ৯টা ১১ মিনিট। দুপুরে আবার ১টা ৪৮ থেকে ৩টা ২০ এবং বিকেল ৩টা ২০ থেকে ৪টা ৫২ পর্যন্ত চলবে পূজার সঠিক সময়। এই দিন সর্বার্থ সিদ্ধি, দ্বিপুষ্কর, রবি যোগ আর অমৃত সিদ্ধি যোগ মিলছে, যা ভক্তদের কাছে বিশেষ শুভ বলে ধরা হয়।
পূজা পদ্ধতি ও বিধি:
সকালে স্নান সেরে বিশ্বকর্মা ও বিষ্ণুর আরাধনা করুন। ফল, মিষ্টি ও পঞ্চামৃত নিবেদন করুন।
ধূপ, প্রদীপ জ্বালিয়ে আরতি দিন।
সাদা ফুল দিয়ে পূজা করাই উত্তম। কপালে টিকা দেওয়াও বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি ভক্তির প্রতীক।
ঘরে থাকা যন্ত্রপাতি, সরঞ্জাম পরিষ্কার করে পূজা করা আবশ্যক। এতে যন্ত্রপাতি দীর্ঘদিন ভালো থাকে।
এই দিনে বাড়ির যন্ত্র বা রান্নাঘরের সরঞ্জাম অন্য কাউকে ধার দেওয়া উচিত নয়। আবার বাইরের কারও দেওয়া খাবার ঘরে আনা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
পূজা শেষে প্রসাদ সকলকে বিতরণ করা শ্রেয়।
পুরাণকথা:
শাস্ত্র অনুযায়ী, বিশ্বকর্মা শুধু শহর-প্রাসাদই নয়, দেবতাদের অস্ত্রও নির্মাণ করেছিলেন। মহাদেবের ত্রিশূল, বিষ্ণুর সুদর্শন চক্র, হনুমানের গদা কিংবা কুবেরের পুষ্পক বিমান—সবই তাঁর সৃষ্টির নিদর্শন।
তাই বলা হয়, আন্তরিক ভক্তি ও সঠিক নিয়মে পূজা করলে বিশ্বকর্মা দেব সন্তুষ্ট হন, আর ভক্তের জীবনে মিলতে পারে সমৃদ্ধি ও কল্যাণ।







