কথায় আছে মাছে-ভাতে বাঙালি। কিন্তু কাঁটার ভয়ে এ প্রজন্মের অনেকেই এখন আর মাছ খেতে চান না। ইলিশের স্বাদও অনেকে দূরে সরিয়ে রাখেন শুধুমাত্র অতিরিক্ত কাঁটার জন্য তৃপ্তিভরে মাছ ভাত খেতে খেতে হঠাৎ গলায় কাঁটা বিঁধে গেলেই সর্বনাশ! আগেকার দিনে অনেকেই ভাবতেন এমন পরিস্থিতিতে পড়লে বিড়ালকে ডাকলেই হবে সমস্যার সমাধান। কিন্তু এই গলায় কাঁটা ফোটা হতে পারে মারাত্মক। সেখান থেকে ইনফেকশনও হয়ে যায় অনেক সময়। আসুন জেনে নিই গলায় বিঁধে যাওয়া মাছের কাটা দূর করার সহজ কিছু উপায়-
১. শুকনো ভাত ভালো করে দলা পাকিয়ে মুখে দিয়ে না চিবিয়ে গিলে নিতে হবে। এভাবে কয়েকবার খেলে ভাতের আঠা মাছের কাঁটাকে নীচে নামিয়ে দিতে সাহায্য করে।
২. পাকা কলায় ছোট করে কামড় দিয়ে গিলে ফেলার চেষ্টা করুন।এতেও মাছের কাঁটা কলার সঙ্গে নীচে নেমে যেতে পারে।
৩. পাতি লেবুতে একটু নুন মাখিয়ে চুষে চুষে লেবুর রস খেয়ে নিন, কারণ লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কাঁটাকে গলিয়ে হজম করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
৪. নুন কাঁটা নরম করতে সাহায্য করে। এককাপ গরম জলে এক চামচ নুন মিশিয়ে নিন। বার তিনেক খেলে কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে যাবে। প্রয়োজনে নুন জলে গার্গলও করতে পারেন।
৫. এককাপ ইষদুষ্ণ গরম জলে এক বড় চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে খান। আপেল সিডার ভিনিগারের মধ্যে থাকা অ্যাসিটিক অ্যাসিড কাঁটা গলিয়ে দেয়। খুব সমস্যা হলে আপেল সিডার ভিনিগার শুধু একচামচ খেয়ে নিলেও কাজ হয়। ভিনিগার কাঁটাকে গলিয়ে নরম করে দেয়।
৬. গলায় কাঁটা বিঁধলে অল্প অলিভ অয়েলও খেতে পারেন।অন্য তেলের তুলনায় অলিভ অয়েল বেশি পিচ্ছিল। তাই সহজেই গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে।







