তিরুপতির মন্দিরে চুরি ! তাও আবার প্রনামী বাক্স থেকে ! জানা গিয়েছে , চুরি হয়েছে প্রায় ১০০ কোটি টাকা । পূর্বতন জগন মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে , এক বিজেপি নেতা , বড় অভিযোগ তুলেছেন। তার কথায় ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে ১০০ কোটি টাকা চুরি হয়েছে প্রনামী বাক্স থেকে । এমনকি এই ঘটনায় সিসিটিভি ফুটেজও তুলে ধরেছেন তিনি ।
বিজেপি নেতা তথা তিরুমালা তিরুপতি দেবস্থনমের সদস্য ভানু প্রকাশ রেড্ডির প্রকাশ্য অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি রবি কুমার নামক মন্দিরের এক কর্মীর সহযোগিতাতেই এই কেলেঙ্কারি করেছেন । তার অভিযোগ , রবি কুমারের হাত ধরে , বিপুল অংকের টাকা সরেছে মন্দির থেকে।
প্রসঙ্গত , তেলেগু দেশম পার্টির নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ছেলে নাড়া লোকেশ এই চুরির সিসিটিভি ফুটেজ সর্বপ্রথম সমাজ মাধ্যমের সামনে তুলে ধরেন ( ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫) । সিসিটিভি ফুটেজ অনুযায়ী মন্দিরের প্রণামী বাক্সে জমা পড়া টাকা , বেশ কয়েকজন বসে গুনছিলেন। ভিডিওতে দেখা যায় , সেই টাকা গোনার মধ্যে থেকেই একজন নিজের হাতের কারসাজিতে নিজের শরীরে জড়ানো একটি থলির মধ্যে , টাকার মোটা মোটা বান্ডিল ঢুকিয়ে নেন । বিজেপি নেতাও নাড়া লোকেশের পোস্ট করা সেই ভিডিওই তুলে ধরেছেন । তার গুরুতর অভিযোগ , গত পাঁচ বছরে এই ভাবেই মন্দিরের প্রনামি থেকে চুরি গিয়েছে প্রায় ১০০ কোটি টাকা।







