ক্রাইমরাজ্য

স্বঘোষিত ধর্মগুরু থেকে কলেজ ডিরেক্টর, নাবালিকাদের যৌন হেনস্থার অভিযোগে চাঞ্চল্য

দিল্লি আবারও কেঁপে উঠল এক চাঞ্চল্যকর ঘটনায়। এক বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের ডিরেক্টরের আসনে বসেছিলেন স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। আশ্রমে শিষ্যদের ধর্মকথা শোনানো থেকে শুরু করে কলেজ চালানোর দায়িত্ব—সবই ছিল তাঁর কাঁধে। কিন্তু রাত নামলেই বেরিয়ে আসত তাঁর আসল চেহারা। অভিযোগ, কলেজের একাধিক নাবালিকা ছাত্রীর কাছে কুপ্রস্তাব দিতেন তিনি। মেসেজে আপত্তিকর প্রস্তাব পাঠিয়ে সাড়া না পেলে হুমকিও দিতেন। দিনের পর দিন এভাবে বহু ছাত্রী যৌন হেনস্থার শিকার হন।

অবশেষে সাহস করে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। বুধবার রাতে বসন্তকুঞ্জ উত্তর থানার পুলিশ আশ্রমে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় নগদ ৫০-৬০ লক্ষ টাকা, বিলাসবহুল গাড়ি, সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক ও গুরুত্বপূর্ণ নথি। জেরার মুখে পড়েন আশ্রমের সেবিকারা এবং কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরাও। বৃহস্পতিবার সকালে আরও একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়, যাতে ভুয়ো নম্বরপ্লেট লাগানো ছিল।

এদিকে অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। তাঁর শেষ লোকেশন পাওয়া গিয়েছিল আগ্রায়, তবে পুলিশ পৌঁছনোর আগেই সেখান থেকেও উধাও হয়ে যায় চৈতন্যানন্দ। ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কার করেছে। তদন্তকারীদের দাবি, এটি কোনও নতুন ঘটনা নয়। চৈতন্যানন্দের আসল নাম পার্থসারথী। ২০০৯ সালে ডিফেন্স কলোনিতে তাঁর বিরুদ্ধে প্রতারণা ও শ্লীলতাহানির মামলা হয়েছিল। ২০১৬ সালেও বসন্তকুঞ্জ থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছিল তাঁর নামে।

প্রশ্ন উঠছে—অতীতের এমন এক দাগি অপরাধী কীভাবে কলেজের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ডিরেক্টর পদে আসীন হলেন? এই নিয়োগ প্রক্রিয়া নিয়েই এখন উঠছে নানা জল্পনা। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.