নয় নয় করে ৬০-এর দোরগোড়ায় দাঁড়িয়েও নবীন প্রজন্মকে টেক্কা দিয়ে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। এবার জীবনে যুক্ত হল এক নতুন মাইলফলক। Hurun India Rich List ২০২৫-এর হিসাবে, সরাসরি ‘বিলিয়নেয়ার্স ক্লাবে’ জায়গা করে নিয়েছেন তিনি।
তালিকায় জানানো হয়েছে, শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৪৯০ কোটি টাকা। এই সম্পদের নিরিখে শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী অভিনেতার আসন দখল করলেন কিং খান।
দ্বিতীয় স্থানে রয়েছেন জুহি চাওলা ও তাঁর পরিবার, যাদের সম্পত্তির পরিমাণ ৭৭৯০ কোটি টাকা।
তৃতীয় স্থানে হৃতিক রোশন (২১৬০ কোটি টাকা)।
চতুর্থ স্থানে কর্ণ জোহর (১৮৮০ কোটি টাকা)।
পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার (১৬৩০ কোটি টাকা)।
শাহরুখের সম্পত্তির এমন জোরদার বৃদ্ধি মূলত এসেছে সাম্প্রতিক ছবি ‘জওয়ান’-এর দাপট, প্রোডাকশন হাউস Red Chillies Entertainment-এর মুনাফা এবং তাঁর IPL টিমের ব্যবসায়িক সাফল্য থেকে। শুধু তাই নয়, ‘জওয়ান’-এর জন্য সম্প্রতি জাতীয় পুরস্কারও জিতেছেন তিনি।
২০২৪ সালে যেখানে তাঁর মোট সম্পদ ছিল প্রায় ৭৩০০ কোটি টাকা, মাত্র এক বছরে তা দ্বিগুণ ছুঁয়ে এখন ১২ হাজার কোটির ওপরে পৌঁছেছে।
সবচেয়ে উল্লেখযোগ্য, বলিউডের বাদশা এখন ধনী হয়েছেন টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), আর্নল্ড সোয়ার্ৎজেনেগার (১.২ বিলিয়ন ডলার), জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন ডলার), সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার), টম ক্রুজ (৬০০ মিলিয়ন ডলার)-এর থেকেও।
দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবার, শাহরুখ খানের নাম উঠল বিলিয়নেয়ার্স ক্লাবে— আর সেখানেই প্রমাণ হয়ে গেল, “কিং খান শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও বাদশা।”







