বেলডাঙা, মুর্শিদাবাদ:
বেলডাঙার উত্তপ্ত পরিস্থিতি ও সাংবাদিক নিগ্রহের ঘটনা নিয়ে শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে আশ্বাস দিলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ। একই সঙ্গে সাংবাদিকদের উদ্দেশে ‘সতর্ক থাকার’ বার্তা দিয়ে তিনি বলেন, এমন কোনও কথা বা প্রশ্ন করা উচিত নয়, যা পরিস্থিতিকে উস্কে দিতে পারে। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে—কারণ বেলডাঙা কাণ্ডে আক্রান্ত সাংবাদিকদের বদলে যেন উল্টো তাঁদেরই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সুপার জানান, শুক্রবার থেকে শুরু হওয়া তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে সাংবাদিকদের উপর হামলার ঘটনায়। তিনি স্পষ্ট করেন, তদন্ত এখনও শেষ হয়নি এবং অভিযুক্তদের চিহ্নিত করার কাজ জারি রয়েছে।
পুলিশ সুপারের কথায়,
‘ভিডিয়ো ফুটেজ দেখে সাংবাদিককে মারধরের ঘটনায় চারজনকে চিহ্নিত করা হয়েছে। নির্দিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। পাশাপাশি অন্যান্য গ্রেফতারদের ক্ষেত্রেও ভিডিয়ো ও প্রমাণ খতিয়ে দেখে ধারাগুলি পুনরায় যাচাই করে আদালতে পাঠানো হবে।’
গ্রেফতার হওয়া ব্যক্তিদের কারও সঙ্গে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক যোগসূত্র পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
এদিকে, বেলডাঙার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুর তদন্তেও অগ্রগতি হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই ঘটনার তদন্তে একটি বিশেষ দল এখনও ঝাড়খণ্ডে রয়েছে। পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরেই শুক্রবার ও শনিবার এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।
পুলিশ সুপার দাবি করেন, শনিবারের বিক্ষোভ মূলত অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই করা হয়েছিল। বড়ুয়া মোড়ে কয়েকশো মানুষ রাস্তা অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হয়, এমনকি লাঠিচার্জও করা হয়।
সাংবাদিক নিগ্রহের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করলেও, পুলিশ সুপার বলেন,
‘এই ধরনের সংবেদনশীল এলাকায় কাজ করার সময় সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। আবেগপ্রবণ পরিস্থিতিতে এমন প্রশ্ন বা বক্তব্য এড়ানো উচিত, যা দুবৃত্তদের উস্কে দিতে পারে।’
এই বক্তব্য ঘিরেই প্রশ্ন উঠছে—গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায় কার, এবং বেলডাঙা কাণ্ডে পুলিশের ভূমিকা আদৌ কতটা নিরপেক্ষ?







