খেলাধুলা

শামিকে ঘিরে অনিশ্চয়তা, রনজি শুরুর আগে নতুন সমস্যায় বাংলা

রনজি ট্রফি শুরুর ঠিক আগে এক অজানা ধাঁধায় দাঁড়িয়ে বাংলা ক্রিকেট। দলের প্রথম ম্যাচ ১৫ অক্টোবর, প্রতিপক্ষ উত্তরাখণ্ড, ভেন্যু ইডেন গার্ডেন্স। কিন্তু বাংলার কাছে সবচেয়ে বড় প্রশ্ন—মহম্মদ শামিকে পাওয়া যাবে তো? অভিজ্ঞ পেসারকে মাথায় রেখেই দল সাজানো হলেও জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা তাঁর রনজি যাত্রায় অনিশ্চয়তা তৈরি করেছে।

ভারতীয় দল অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে নিয়মিত না থাকলেও, শামিকে ফেরানো হতে পারে এই সফরে। ইংল্যান্ড কিংবা এশিয়া কাপের দলে না থাকলেও তাঁর ফিটনেস ও অভিজ্ঞতা ব্যবহারের সম্ভাবনা অস্ট্রেলিয়া সিরিজে প্রবল। সেক্ষেত্রে বাংলার প্রথম রনজি ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে নিশ্চয়তা নেই। গত মৌসুমে কয়েকটি ম্যাচে খেলে দলের সাফল্যে বড় ভূমিকা নিয়েছিলেন শামি। তাই তাঁকে ছাড়াই অভিযান শুরু করতে হলে তা হবে বড় ধাক্কা।

তবে প্রস্তুতির ঘাটতি নেই বাংলার। অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদারদের নেতৃত্বে দলকে ঘুরিয়ে ফিরিয়ে একাধিক টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া হয়েছে। ক’দিন আগেই কল্যাণীতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে নিজেদের যাচাই করেছে ক্রিকেটাররা। এবার ওড়িশার বিরুদ্ধে ৭ অক্টোবর যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে তিন দিনের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা। এই ম্যাচকেই রনজির চূড়ান্ত মহড়া হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।

পুজোর ছুটির পর শুক্রবার থেকে ফের শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি। শামি থাকুন বা না থাকুন, বাংলার লক্ষ্য স্পষ্ট—রনজি মরশুমের শুরুতেই জয়ে আত্মবিশ্বাস অর্জন। তবে তাঁর ভাগ্য নির্ধারণই ঠিক করে দেবে প্রথম ম্যাচের বোলিং আক্রমণের ধার কতটা তীক্ষ্ণ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.