বিদেশ

জাপানে ফের ফ্লু আতঙ্ক, আগেভাগেই মহামারী সতর্কতা জারি!

জাপানে ফের ভয় ধরাচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। মরশুমের অনেক আগেই ভয়াবহভাবে বাড়ছে সংক্রমণ। এক জ্বরে কার্যত বিপর্যস্ত গোটা দেশ। হাসপাতাল উপচে পড়ছে রোগীতে, বেডের চাহিদা সামলাতে নাজেহাল প্রশাসন। ফ্লুর এমন দাপট জাপানে বহু বছর দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রক।

গত ৩ অক্টোবর পর্যন্ত চার হাজারেরও বেশি মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। সংক্রমণ বাড়ছে ঘণ্টায় ঘণ্টায়। আগের সপ্তাহের তুলনায় এবার আক্রান্তের হার চারগুণ বেশি। ফলে দেশজুড়ে অন্তত ১৩৫টি স্কুল ও চাইল্ড কেয়ার সেন্টার বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন।

টোকিও থেকে হোক্কাইডো—সব জায়গাতেই হাসপাতালের ওয়ার্ডে রোগীর ঢল। অনেক জায়গায় আউটডোরে জায়গা মিলছে না। এমন পরিস্থিতিতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এবারের ফ্লু মরশুম অস্বাভাবিকভাবে শক্তিশালী এবং দ্রুত ছড়াচ্ছে।

হোক্কাইডো স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োকো সুকামোতো জানিয়েছেন, “মানুষকে এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক হতে হবে। নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও টিকা নেওয়াই একমাত্র উপায়।” তিনি আরও সতর্ক করেছেন যে, আন্তর্জাতিক ভ্রমণ ও জনসংখ্যার চলাচল ভাইরাসের নতুন রূপ তৈরি করছে, যা চিকিৎসায় বাধা হয়ে দাঁড়াতে পারে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, সংক্রমণ এখন প্রায় মহামারী পর্যায়ে পৌঁছেছে। বিশেষত শিশু, বৃদ্ধ এবং কোমর্বিড রোগীদের ক্ষেত্রে বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি। এখনও কোভিডের ভয় পুরোপুরি কাটেনি বলেই সতর্কতা আরও কড়াকড়ি করা হচ্ছে।

জাপান যেহেতু বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, তাই বিদেশি দর্শনার্থীদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। যদিও আপাতত কোনও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হয়নি, তবে স্কুল ও অফিসগুলিকে ভার্চুয়াল মোডে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এক কথায়—কোভিডের পর আবারও ভাইরাসের ছায়ায় কাঁপছে জাপান। এবার লড়াই ইনফ্লুয়েঞ্জার সঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.