দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওড়িশা থেকে এসে পড়াশোনা করছিলেন ওই তরুণী। শুক্রবার সন্ধ্যায় এক সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরোনোর সময় রাস্তা থেকে জোর করে ধরে ক্যাম্পাস লাগোয়া জঙ্গলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তরা তরুণীর মোবাইলও কেড়ে নেয়।
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি ও সিপিএমের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। বাম সংগঠন ও কলেজের পড়ুয়ারা বিক্ষোভে সামিল হয়ে নিরাপত্তা ব্যবস্থার দাবিতে রাস্তায় নামে।
এদিকে, ঘটনার জেরে নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, দুর্গাপুরের ওই কলেজের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাকে তদন্তে নামার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেছেন, “দোষীরা সময়মতো শাস্তি না পাওয়ার কারণেই এমন অপরাধ বাড়ছে।” অন্যদিকে, ঘটনার একদিন পরও অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
আরজি করের ঘটনার পর ফের এক মেডিকেল কলেজে এমন নির্যাতনে উদ্বেগে রাজ্য প্রশাসন। নিরাপত্তার গাফিলতি নিয়েই এখন তোলপাড় রাজ্য।







