২২৪ দিনের লম্বা বিরতির পর অবশেষে রবিবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দেশের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর সাংবাদিক বৈঠকে গম্ভীর মনে করিয়ে দেন, দেশের হয়ে খেলার আগে ক্রিকেটারদের অবশ্যই ঘরোয়া ম্যাচ খেলা উচিত, কেবল বেঙ্গালুরুর অ্যাকাডেমিতে (এনসিএ) পড়ে থাকলে চলবে না।
এদিকে, রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে গম্ভীর ধোঁয়াশা জিইয়ে রাখেন। তিনি বলেন, ২০২৭ সালের বিশ্বকাপ এখনও আড়াই বছর দূরে, তাই তিনি এখন শুধুই বর্তমান সিরিজের দিকে তাকাতে চান। যদিও তিনি আশাবাদী, অস্ট্রেলিয়ায় দুই তারকার অভিজ্ঞতা দলের শক্তি বাড়াবে। তবে শুভমান গিলের নেতৃত্ব নিয়ে গম্ভীরের প্রশংসা স্পষ্ট। তিনি বলেন, শুভমানই যোগ্য নেতা এবং দলের সবাই তাঁকে মেনে নিয়েছে। নিজের শহর দিল্লির পিচ নিয়েও কিন্তু গম্ভীর মোটেও খুশি হননি। তিনি বলেন, এই মন্থর উইকেটে পেসারদের জন্য কিছুই ছিল না, যা দেশের ক্রিকেটের জন্য খারাপ। তবে ওয়েস্ট ইন্ডিজ এই টেস্টে যে লড়াই দেখিয়েছে, তাতে তিনি সন্তুষ্ট।







