রাজ্য

SIR ঘিরে উত্তেজনা, BLO-দের নিরাপত্তা দিতে তৎপর নির্বাচন কমিশন

রাজ্য জুড়ে ব্যাপক শোরগোল চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে। পাশাপশি নির্বাচনের প্রাক্কালে ক্রমাগত চড়ছে রাজনৈতিক পারদ। এই পরিস্থিতিতে এবার মাঠে নেমে কাজ করা ব্লক লেভেল অফিসারদের (BLO) নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিল নির্বাচন কমিশন। প্রয়োজনে তাঁদের পাশে থাকবে পুলিশ প্রশাসন।

কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় BLO-দের ওপর চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি ভয় দেখানো ও হেনস্তার অভিযোগ জমা পরেছে। বিশেষ করে যেই সমস্ত অঞ্চলে SIR রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পরেছে বা নতুন নাম যুক্ত হওয়ায় বিতর্ক আরো জোড়ালো হয়েছে। সেখান থেকেই পরিস্থিতি আরো সরগরম হয়েছে। ভোটার তালিকার কাজে নিয়োজিত কর্মীদের নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে বলে মত নির্বাচন কমিশনের। তাই প্রয়োজনে পুলিশি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। বিভিন্ন এলাকায় বাড়ানো হচ্ছে নজরদারি। এমনকি স্পষ্ট নির্দেশ রয়েছে কোথাও যদি BLOদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতার কসবা, খিদিরপুর, গুলশন কলোনি এলাকার মতো কিছু সংবেদনশীল অঞ্চল থেকে হুমকির অভিযোগ এরইমধ্যে পাওয়া শুরু হয়ে গেছে। এছাড়াও BLO-র একাংশের দাবি, তাঁদের বন্দুক দেখিয়ে কাজ না করার জন্য চাপ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রাণনাশের হুমকিও পেয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। কমিশন সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে। অন্যদিকে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে সংগ্রামী যৌথ মঞ্চ। ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ পরলে শাসক দলের সমস্যা হবে, তাই শুরু থেকেই BLO দের ভয় দেখানোর চেষ্টা চলছে বলে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। তাঁদের তরফে কমিশনের কাছে BLO দের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এই পরিস্থিতিতে কমিশন আশ্বস্ত করেছে মাঠে কাজ করা কোনও সরকারি কর্মী রাজনৈতিক হুমকির শিকার হলে তাঁকে সবরকম নিরাপত্তা দেবে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.